খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনানিবাসের বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসনের করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি হওয়ার কথা আজ। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ শুনানির জন্য নির্ধারিত আছে। গতকাল বিকেলে প্রকাশিত আজ সোমবারের জন্য করা আপিল বিভাগের কার্যতালিকায় ‘বেগম খালেদা জিয়া বনাম বাংলাদেশ সরকার এবং অন্যান্য’ শিরোনামে লিভ টু আপিলের শুনানি ৩ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত আছে। একই ক্রমিকে এরপর লেখা আছে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে করা আবেদন, আগের অবস্থায় বাড়ি ফিরিয়ে দিতে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা অথবা বাড়ির স্থাপনা যেভাবে রয়েছে সেভাবে রাখতে স্থিতাবস্থার আবেদন এবং সবশেষে আদালত অবমাননার আবেদনটি। আজকের এই শুনানিকে কেন্দ্র করে আদালত অঙ্গনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ গতকাল বলেছেন, বিচারক ও আইনজীবী ছাড়া কাউকে আদালতের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। অন্য কর্মকর্তা-কর্মচারীরা পরিচয়পত্র দেখিয়ে ভেতরে যেতে পারবেন। আদালত এলাকায় যাদের জরুরি কাজ নেই, তাদের আজ সেখানে না যাওয়ার জন্য অনুরোধ করেন পুলিশ কমিশনার। শুনানির প্রস্তুতির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে গতকাল রাত আটটার দিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মাহ্বুবে আলম প্রথম আলোকে বলেন, ‘আমি এখন লাইব্রেরিতে আছি। শুনানির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘কাল (আজ) শুনানি। আমরা শুনানিতে অংশ নিব।’ ঘটনাপ্রবাহ: সেনানিবাসের ৬ শহীদ মইনুল সড়কের বাড়ি ছাড়তে সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার রিট আবেদন গত ১৩ অক্টোবর খারিজ করেন হাইকোর্ট। রায়ে তাঁকে বাড়ি খালি করতে কমপক্ষে ৩০ দিন সময় দিতে সরকার ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল বিভাগে লিভ টু আপিল করেন ৮ নভেম্বর। পরদিন চেম্বার বিচারপতি বিষয়টি ১০ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। ওই দিন খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি মুলতবির আবেদন জানালে আদালত ২৯ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। তবে বাড়ি ছাড়ার জন্য দেওয়া ৩০ দিনের সময়সীমা ১২ নভেম্বর শেষ হয়। পরদিন খালেদা জিয়াকে সেনানিবাসের ওই বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়। সর্বশেষ ২৩ নভেম্বর খালেদা জিয়া সরকারের তিন সচিবসহ আট কর্মকর্তার বিরুদ্ধে আপিল বিভাগে আদালত অবমাননার আবেদন করেন। লিভ টু আপিল বিচারাধীন থাকা অবস্থায় তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করা আদালত অবমাননার শামিল—এমন অভিযোগে আবেদনটি করা হয়। এতে প্রতিরক্ষা সচিব খন্দকার আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব মো. আবদুল আজিজ, স্বরাষ্ট্রসচিব আব্দুস সোবহান সিকদার, সামরিক ভূ-সম্পত্তি অধিদপ্তরের পরিচালক মোর্তুজা আহমেদ, উপপরিচালক শফিকুল আহমেদ, মিলিটারি এস্টেট অফিসার এস এম এমদাদুল হক, ঢাকা সেনানিবাস বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল তানভির হাসান মজুমদার ও আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহীনুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানানো হয়। সেনানিবাসের বাড়িটি তাঁকে ফেরত দেওয়া অথবা ওখানকার স্থাপনা অপরিবর্তিত রাখতে স্থিতাবস্থা চেয়ে ওই দিন আরেকটি আবেদন করেন খালেদা জিয়া। এর পরিপ্রেক্ষিতে ২৩ নভেম্বর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা আবেদন দুটি ২৯ নভেম্বর শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।