খালেদা জিয়ার সংবাদ সম্মেলন আজ সন্ধ্যায়
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন। হরতাল শেষ হওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে গুলশানের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের এ কথা জানান। খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে রাত নয়টায় বৈঠক শুরু হয়। মারুফ কামাল খান বলেন, সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া এবং তার পরবর্তী বিভিন্ন ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরবেন। তিনি বলেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পেছনে দেশি-বিদেশি অপশক্তির সংশ্লিষ্টতা সম্পর্কে যেসব তথ্য বিএনপির কাছে আছে, তা-ও সংবাদ সম্মেলনে তুলে ধরবেন। একই সঙ্গে সংক্ষিপ্ত সময় বেঁধে দিয়ে এর মধ্যে ইলিয়াস আলীকে উদ্ধারে চূড়ান্ত সময় দিতে পারেন তিনি। সূত্র জানায়, ইলিয়াস আলীকে ফেরত না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য পর্যায়ক্রমে আরও হরতাল, অবরোধ, মহাসড়ক অবরোধ ও ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায় ও বিএনপির কয়েকজন ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব উপস্থিত ছিলেন। ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকা থেকে নিখোঁজ হন। তাঁর গাড়ি পরিত্যক্ত অবস্থায় বনানীতে পাওয়া যায়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিএনপি এ জন্য সরকারকে দায়ী করেছে। দলটি ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে রবি ও সোমবার সারা দেশে হরতাল করেছে। আজ মঙ্গলবারও সকাল-সন্ধ্যা হরতাল অব্যাহত থাকবে।