খালেদা জিয়ার সম্পদ বিবরণীর সঙ্গে তাঁর বিত্তের ব্যবধান খতিয়ে দেখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সম্পদের হিসাব নতুন করে তদন্তের জন্য নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছেন।সৈয়দ আশরাফ বলেন, এই তিনটি সংস্থার কাছে জমা দেওয়া খালেদা জিয়ার সম্পদ বিবরণীর সঙ্গে তাঁর বিত্ত-বৈভবের মিল আছে কি না, সে বিষয়টি তদন্ত করে দেখা দরকার। খালেদা জিয়ার আয়ের উত্স, তাঁর বিপুল সম্পদ ও জমা দেওয়া সম্পদ বিবরণীর সঙ্গে তাঁর জীবনযাপনের কী পরিমাণ ব্যবধান আছে, তা-ও খতিয়ে দেখা দরকার।আজ রোববার দুপুরে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। বঙ্গবন্ধু এবং তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সম্পর্কে খালেদা জিয়ার পক্ষে বিএনপির মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দলটির নেতাদের উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, ‘বঙ্গবন্ধু জাতির পিতা। জনগণের মতামতের ভিত্তিতেই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়েছেন। তাঁকে নিয়ে ভবিষ্যতে নোংরা ও অশোভন বক্তব্য দেবেন না। মনে রাখবেন, সত্য খুবই কঠিন ও নির্মম। সত্য কাউকে ছাড়ে না।’ সৈয়দ আশরাফ বিএনপির মহাসচিবের বক্তব্য উড়িয়ে দিয়ে বলেন, তিনি খালেদা জিয়ার শেখানো তোতা পাখির মতো কিছু কথা বলে গেছেন। তিনি বঙ্গবন্ধুর কর শনাক্তকরণ নম্বর (টিন) নম্বর জানতে চান। কিন্তু তিনি এটা জানেন না, বঙ্গবন্ধু মারা যাওয়ার সময়ও এ দেশে টিন নম্বরের প্রচলন হয়নি। নব্বইয়ের দশকে দেশে টিন নম্বরের প্রচলন হয়। সরকারের মন্ত্রীদের সম্পদের হিসাব প্রকাশ করা-সংক্রান্ত নির্বাচনী প্রতিশ্রুতির কথা জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, নির্দিষ্ট সময়েই সম্পদের হিসাব তাঁরা জাতীয় রাজস্ব বোর্ডে জমা দিয়েছেন। আয়কর বিভাগ ও অর্থ মন্ত্রণালয় চাইলেই তা প্রকাশ করতে পারে। তাঁরা নিজেরা এই হিসাব জনসন্মুখে প্রকাশ করতে পারেন না বলে তিনি জানান। অপর এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, বিরোধীদলীয় নেতা আগে চার কোটি টাকার সম্পদ দেখিয়ে জরিমানাসহ ৮৪ হাজার টাকার কর দিয়েছেন। জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন। সেনানিবাসের বাসভবন থেকে ২৯টি বড় বড় যানবাহনে করে বিরোধীদলীয় নেতা যেসব মূল্যবান মালামাল নিয়ে গেছেন, সৈয়দ আশরাফ তার একটি সংক্ষিপ্ত তালিকা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে দলীয় নেতাদের মধ্যে পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, মাহবুব উল আলম হানিফ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।