খালেদা জিয়াসহ ২১ নেতার বিরুদ্ধে নাটোরে মামলা
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ দলটির ২১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আজ সোমবার নাটোরের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা হয়েছে। দল থেকে বহিষ্কৃত স্থানীয় চার নেতা মামলাটি করেন। আদালত বিবাদীদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি আবদুল মান্নাফ, সদস্য গোলাম মোস্তফা ও নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ওই মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, বিবাদীরা আইনবহির্ভূতভাবে বাদীদের কারণ দর্শানোর সুযোগ না দিয়েই দল থেকে বহিষ্কার করেছেন। এটা দলের গঠনতন্ত্র পরিপন্থী। বাদীরা আরজিতে আদালতের কাছে ওই বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা এবং এ-সংক্রান্ত আদেশের ওপর নিষেধাজ্ঞার দাবি জানান। আদালত মামলাটি গ্রহণ করে সমন জারির আদেশ দেন। তবে নিষেধাজ্ঞার আবেদন খারিজ করেন।মামলায় খালেদা জিয়া ছাড়াও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১৮ জন, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিবাদী করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।