খালেদা ধর্মের অপব্যাখ্যা করছেন: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জামায়াতের অঘোষিত আমির সেজে পবিত্র ধর্মের অপব্যাখ্যাসহ নানা অপপ্রচার চালিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছেন। কিন্তু তাঁর সেই চেষ্টা সফল হবে না। আজ শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ ডিডব্লি¬উ ডিগ্রি কলেজ মাঠে ১৪ দল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।মোহাম্মদ নাসিম বলেন, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা পুলিশ হত্যা, সংখ্যালঘু নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠনসহ যেসব অপরাধ করছে, তার মূল মদদদাতা বেগম খালেদা জিয়া। ছেলেদের কোটি কোটি টাকা পাচার ও দুর্নীতি ঢাকতে খালেদা জিয়া দেশে অস্থিরতা সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন নাসিম।আওয়ামী লীগের এই নেতা বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া সফল করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা চলন্ত গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা, সংখ্যালঘু নির্যাতনকারী জামায়াত-শিবিরের পক্ষে সাফাই গাইছে, দেশের মানুষ তাদের স্বরূপ চিনতে পেরেছে। দ্রুত আইনি প্রক্রিয়ায় জনগণের সমর্থন নিয়ে জামায়াত-শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ করা হবে বলেও উল্লেখ করেন নাসিম। সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংসদ ফজলে রাব্বী মিয়া ও মনোয়ার হোসেন চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামসুল আলম প্রমুখ।এর আগে ১৪ দলের নেতারা সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় ক্ষতিগ্রস্ত পুলিশ তদন্তকেন্দ্র, রেলস্টেশন ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন।