খালেদা নন, আ.লীগকেই ক্ষমা চাইতে হবে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে যারা আদালতে গিয়ে ক্ষমা চাইতে বলেন, তাঁদেরকেই জনগণের কাছে করজোড়ে ক্ষমা চাইতে হবে। ১৯৭৫ সালে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসনব্যবস্থা যাঁরা কায়েম করেছিলেন, তাঁদেরকে সে জন্য ক্ষমা-ভিক্ষা করতে হবে বলে তিনি মন্তব্য করেন। আজ শনিবার জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের (জাসাস) এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নিয়ে খালেদা যে বক্তব্য দিয়েছেন, তা আদালত অবমাননার শামিল। এ বক্তব্য প্রত্যাহারের কোনো সুযোগ খালেদার নেই। এ জন্য তিনি কেবল আদালতে ক্ষমা চাইতে পারেন। আইনমন্ত্রী শফিক আহমেদের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল এ কথা বলেন। আজ বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনমন্ত্রী ওই বক্তব্য দেন।বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে বলা হয় বিএনপির নেতা ফখরুল ওই অনুষ্ঠানে বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের লক্ষ্য পূরণে সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সরকার এ সফর নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।