খালেদা ফিরলে বিএনপি সংসদে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরলে জাতীয় সংসদে যোগ দেওয়া না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রোববার সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বিএনপির এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, জাতীয় সংসদের নবম অধিবেশন বাজেট অধিবেশন না সংবিধান সংশোধনের বিশেষ অধিবেশন তা স্পষ্ট নয়। সংসদে যোগ দেওয়ার পরিবেশ নেই। তাই বিএনপি এবারের অধিবেশনেও যোগ দেবে না। বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে বিরোধী দলের চিফ হুইপ বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থ সরকার জলাঞ্জলি দিয়েছে। প্রতিবেশী একটি দেশকে ট্রানজিট দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হয়নি। তিনি অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা বাতিল করার হীন প্রচেষ্টা চলছে। সরকার বিচারপতিদের ঘাড়ে বন্দুক রেখে সংসদকে পাশ কাটিয়ে দেশ পরিচালনা করছেন। তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের নামে বাকশালীয় কায়দায় একদলীয় কমিটি তৈরি করে সংসদে সংবিধান সংশোধনী প্রস্তাব উপস্থাপন করার হীন প্রচেষ্টা চলছে। এই পরিবেশের জন্য বিএনপি সংসদে যোগ দিচ্ছে না বলে তিনি জানান। তিনি আরও অভিযোগ করেন, সংসদকে অকার্যকর করে বিরোধী দলকে বাইরে রেখে অগ্রহণযোগ্য বিল পাস করা হয়েছে। বিরোধী দলের চিফ হুইপ দলের পক্ষ থেকে সংসদ ভেঙে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবারও আবেদন জানান।