খালেদা বুঝে গেছেন, নির্বাচন করতে পারবেন না: তাজুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ-বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বুঝে গেছেন, তিনি আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাই তিনি নির্বাচন বানচাল করার জন্য এখন থেকেই ষড়যন্ত্র করছেন।আজ শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ অভিযোগ করেন। সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের স্মরণে প্রজন্ম ’৭১ ওই আলোচনা সভার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ বি তাজুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া বুঝতে পারছেন তাঁর কাজ-কর্মের জন্য তিনি আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। শুধু উনিই বাদ পড়বেন। আর তারেককে প্রধানমন্ত্রী বানানোর স্বপ্নও পূরণ হবে না। তাঁর দলের লোকেরাও সেটি বুঝে গেছেন। এ জন্য নতুন মেরুকরণ শুরু হয়ে গেছে।’তারেক ও মিশুক মুনীরের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, দেশে রাস্তাঘাটের অবস্থা নাজুক। অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত গাড়িতে চলাচলের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি। প্রতিমন্ত্রী সড়ক দুর্ঘটনাকে ‘নীরব হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে বলেন, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ৩০-৩৫ হাজার মানুষ মারা যাচ্ছে। দেশে সড়কের অবস্থা খুব খারাপ, পরিকল্পনাও দুর্বল। তার ওপর বেশির ভাগ দক্ষ চালক বিদেশ চলে যান। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে সংশয়ের কিছু নেই। এ বছরের শেষের দিকে মোটা দাগের অপরাধীদের বিষয়ে রায় হয়ে যেতে পারে।’অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘তারেক মাসুদ ও মিশুক মুনীর ছিলেন আমাদের গর্ব। তাঁরা আমাদের জন্য সম্মান বয়ে এনেছিলেন। তারেক ছিলেন মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনাকে অগ্রসর করার ফেরিওয়ালা। আর মিশুক মুনীর প্রযুক্তির সঙ্গে যুক্ত করে তৈরি করেছিলেন এক ঝাঁক তরুণ সত্ সাংবাদিক।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেক্টর কমান্ডারস ফোরামের সাংগঠনিক সম্পাদক ম. হামিদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সরওয়ার আলী, প্রজন্ম ’৭১-এর সভাপতি আজিজুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।