খালেদা যুদ্ধাপরাধীদের খাতায় নাম লিখিয়েছেন: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি সমাবেশ, হরতালের নামে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।যুবলীগের অভিযোগ যুদ্ধাপরাধীদের বিচার নস্যাত্ করতে বিএনপি হত্যা, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও করছে। এর প্রতিবাদে চার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ওই সমাবেশের আয়োজন করা হয়।অনুষ্ঠানে হানিফ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিন বছর সরকার সহিষ্ণুতা দেখিয়েছে। এর সুযোগ নিয়ে বিএনপি জ্বালাও-পোড়াও করেছে। তিনি বলেন, ‘এত দিন নিশ্চুপ ছিলাম। এখন আর কোনো ছাড় দেওয়া হবে না।’ তিনি এ জন্য দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান।যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া নিজেও যুদ্ধাপরাধীদের খাতায় নাম লিখিয়েছেন মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, এ জন্য জনগণই খালেদা জিয়ার বিচার করবে। সেদিন বেশি দূরে নয়। তিনি বিএনপিতে থাকা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের বিএনপি ছেড়ে ‘মহাজোটের পতাকা তলে’ আসার আহ্বান জানান। তিনি বলেন, একদিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অন্যদিকে যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি করে খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের সঙ্গে তামাশা করছেন।আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক অভিযোগ করেন, ‘১৮ ডিসেম্বর রাজধানী এবং এর বাইরে বিভিন্ন জায়গায় বোমাবাজির ঘটনার আগে খালেদা জিয়া জামায়াতের সঙ্গে গোপন বৈঠক করেন। সেখানে পুলিশের মরদেহসহ ৫০টি লাশ দরকার বলে সিদ্ধান্ত হয়। আর এ জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়।’যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা আজমসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা সমাবেশে বক্তব্য দেন।