খালেদা যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিদেশে ধরনা দিচ্ছেন: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের উপযুক্ত বিচার ও ফাঁসির দাবিতে তরুণ প্রজন্ম জেগে উঠেছে। জেগে ওঠা এ তরুণ প্রজন্মের প্রতি খালেদা জিয়ার আস্থা নেই। তাই তিনি বিদেশি প্রভুদের কাছে ধরনা দিচ্ছেন, যাতে তারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে সরকারের ওপর চাপ সৃষ্টি করে।’আজ শনিবার লালমনিরহাট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে এসব কথা বলেন মাহাবুব উল আলম হানিফ। জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘খালেদা জিয়া সব পাটকল বন্ধ করে দিয়েছিলেন, আমরা চালু করেছি। আদমজী পাটকলের নাম পরিবর্তন করে আবারও চালু করা হবে।’প্রধানমন্ত্রীর বিশেষ এই সহকারী বলেন, ‘বিএনপির ইন্ধনে ইসলামি দলের ছত্রছায়ায় জামায়াত-শিবির রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। ওই হামলায় পবিত্র শহীদ মিনার ভাঙা হয়েছে, জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। বিএনপি এর দায় এড়াতে পারে না। এরা বাংলাদেশ ও তার স্বাধীনতায় বিশ্বাস করে না।’ মাহাবুব উল আলম হানিফ আরও বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে হাওয়া ভবন সব টেন্ডার নিয়ন্ত্রণ করেছে। তারেক জিয়া কমিশন খেয়ে বিদেশে অর্থ পাচার করেছে। ওই টাকার মামলায় সিঙ্গাপুরে ছয় বছরের জেল ও ২৫ কোটি টাকা জরিমানা হয়েছে। তিনি খালেদা জিয়ার প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আমরা আপনার প্রতিপক্ষ হতে পারি, কিন্তু সিঙ্গাপুর সরকারও কি আপনার প্রতিপক্ষ? তারা কী কারণে আপনার ছেলের জেল দিল ও জরিমানা করল?’প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এ ছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। কাউন্সিলে তিন বছর মেয়াদি জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে আগের সভাপতি মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমানকে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হয়েছে। এর আগে ২০০৬ সালের ১৮ ফেব্রুয়ারি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়েছিল। সাত বছর পর আজ আবার নতুন কমিটি হলো।