খালেদা যুদ্ধাপরাধীদের বিচার করবেন, পাগলেও বিশ্বাস করে না: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মন্তব্য করেছেন, খালেদা জিয়া মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ভয় পান বলেই গণজাগরণ মঞ্চ বন্ধ করার দাবি জানিয়েছেন। ক্ষমতায় গেলে তিনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন, তা পাগলেও বিশ্বাস করবে না।আজ শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৮ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সফল করতে ঢাকা মহানগরের সাংসদদের সঙ্গে এক প্রস্তুতি সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।বৈঠকে ১৮ মার্চের জনসভায় ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে ঢাকা মহানগরের সাংসদদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়।মাহবুব উল আলম হানিফ বলেন, খালেদা জিয়া প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের মুক্তি চেয়েছেন। অতীতে বহুবার তিনি যুদ্ধাপরাধীদের রাজনৈতিক ও সামাজিকভাবে পুনর্বাসন করেছেন। খালেদা জিয়া মুক্তিযুদ্ধের চেতনা থেকে অনেক দূরে সরে গেছেন। তিনি বলেন, জামায়াত-শিবিরের তাণ্ডব প্রতিহত করতে কিছু হতাহতের ঘটনা ঘটেছে। বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের রক্ষায় একে গণহত্যা বলছেন। কিন্তু এর দায়ভার খালেদা জিয়াকেই নিতে হবে। দেশের জনগণ খালেদা জিয়াকে একদিন এ ঘটনার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। তার এ বক্তব্যের চেয়ে হাস্যকর ও নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই হতে পারে না।বিএনপির কার্যালয়ে পুলিশি অভিযান গণতন্ত্রের জন্য শুভ কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে হানিফ বলেন, রাজনৈতিক দলের অফিসে পুলিশের অভিযান নতুন কিছু নয়। ইতিপূর্বে আওয়ামী লীগ অফিসেও হামলা চালানো হয়েছে। কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছে। গুলি করা হয়েছে। তিনি বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারের রায় হওয়ার পর জামায়াতের তাণ্ডব আইনশৃঙ্খলা বাহিনী অনেকটাই নিয়ন্ত্রণ করে ফেলেছিল। তখন খালেদা জিয়া বিদেশ থেকে দেশে এসে নেতা-কর্মীদের উসকানি দিয়ে সারা দেশে তাণ্ডব চালিয়েছেন। এর দায়ভার খালেদা জিয়াকে নিতে হবে। তিনি বলেন, খালেদা জিয়া একাত্তরের গণহত্যাকে আড়াল করতে সাম্প্রতিক সহিংসতায় নিহতের ঘটনাকে গণহত্যা বলছেন।মাহবুব উল আলম হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিক প্রস্তুতি সভায় দলীয় নেতা হাবিবুর রহমান সিরাজ, বদিউজ্জামান ভূইয়া, এম এ আজিজ, সুজিত রায় নন্দী, কামাল আহমেদ মজুমদার, মোস্তফা জালাল মহিউদ্দীন, আসলামুল হক আসলাম, ইলিয়াস উদ্দিন মোল্লা, সানজিদা খানমসহ মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।