খালেদা রাজনীতি করার অধিকার হারিয়েছেন: সাবেক আইনমন্ত্রী
সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেছেন, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করায় খালেদা জিয়া এ দেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছেন।আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। খবর বাসসের।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বায়তুল্লাহ কাদেরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান, টেলিভিশন ও চলচ্চিত্র বিভাগের চেয়ারম্যান এ জে এম শফিউল আলম ভূঁইয়া, আবাসিক শিক্ষক সাইফুল হক, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ নবীরুজ্জামান প্রমুখ। আলোচনা সভার শুরুতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।আবদুল মতিন খসরু বলেন, তত্কালীন (১৯৯১ সাল) আইএসআই প্রধান স্বীকার করেছেন, খালেদা জিয়া তাঁদের টাকায় নির্বাচন করেছেন। যিনি (খালেদা জিয়া) পাকিস্তানের টাকায় নির্বাচন করেন, তিনি যথার্থভাবেই এ দেশে রাজনীতি করার অধিকার রাখেন না।যুদ্ধাপরাধের বিচার দাবি করে আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করা না হলে আমাদের সভ্য সমাজ গঠনের প্রয়াস ব্যর্থ হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে এ বিচার অবশ্যই করতে হবে।’