খালেদা রাজাকারদের নিয়ে যুদ্ধ ঘোষণা করতে চাচ্ছেন: কামরুল
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজাকারদের সঙ্গে নিয়ে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাচ্ছেন। খালেদা বলেন, সরকার স্বাধীনতাবিরোধী হিসেবে নিজামী, মুজাহিদ, সাঈদী ও সাকা চৌধুরীকে আটক করেছে। তাঁরা স্বাধীনতাবিরোধী নন।’আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদ আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। গত বুধবার রোডমার্চ শেষে চাঁপাইনবাবগঞ্জে জনসভায় খালেদা জিয়ার বক্তব্যের জবাবে কামরুল ইসলাম এ কথা বলেন। বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনি একটু দেরিতে হলেও একাত্তরের ঘাতকদের প্রকাশ্যে সমর্থন দিয়ে নিজের রূপ গোটা জাতির সামনে উন্মোচন করেছেন। আইন প্রতিমন্ত্রী বলেন, ‘একাত্তরের ঘাতকদের বিচার হোক, খালেদা জিয়া এটা চান না। তাই আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি তিনি তখন তাদের বাঁচানোর জন্য মাঠে নেমেছেন, রোডমার্চ করছেন।’ আইন প্রতিমন্ত্রী বলেন, ‘আর যা-ই হোক, আমরা খুনিদের সঙ্গে আলোচনা বসতে পারি না।’ তিনি আরও বলেন, খুনির সঙ্গে আবার কিসের বৈঠক।’ সংগঠনের সভাপতি কবি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, কবি কাজী রোজী প্রমুখ বক্তব্য দেন। বাসস।