খালেদা লাশের রাজনীতি করছেন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের দুর্নীতিবাজ ছেলে ও সাবেক মন্ত্রীদের বাঁচাতে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নতুন নতুন ইস্যু দরকার। আর তাই তিনি হত্যাযজ্ঞ ও লাশ নিয়ে রাজনীতি শুরু করেছেন।আজ মঙ্গলবার গণভবনে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। গতকাল সোমবার সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হওয়ার ঘটনা সম্পর্কে তিনি বলেন, বিএনপি রেল লাইনের পাশে এ ধরনের একটি জনসভার আয়োজন কীভাবে করল। শেখ হাসিনা আরও অভিযোগ করেন, সিরাজগঞ্জে যাওয়ার পথে খালেদা জিয়া যমুনা রিসোর্টে ট্রেন দুর্ঘটনাটি ঘটার জন্য অপেক্ষা করছিলেন। আর এই দুর্ঘটনার পরে বিএনপির কর্মীরাই ট্রেনটিতে আগুন লাগিয়েছে ও ভাঙচুর করেছে। প্রধানমন্ত্রী বলেন, লাশ নিয়ে রাজনীতি করা বিএনপির পুরোনো অভ্যাস। কেউই ট্রেনের নির্দোষ যাত্রী, চালক ও গার্ডের কথা ভাবেননি। গত শুক্রবার নাটোরের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যাকাণ্ডের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ওই হত্যাকাণ্ড যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফলে হয়নি, বিরোধীদলীয় নেতা সে কথা কতটা জোর দিয়ে বলতে পারেন। প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে আহ্বান জানিয়ে বলেন, বিএনপিকে ভোট না দেওয়ার জন্য জনগণের ওপর প্রতিশোধ নেওয়া তাঁদের বন্ধ করা উচিত। ইউএনবি।