খালেদা সম্পর্কে আশরাফের বক্তব্য কাণ্ডজ্ঞানহীন: রিজভী
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিঙ্গাপুর যাওয়া নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে ‘কাণ্ডজ্ঞানহীন প্রলাপ’ বলে মনে করে বিএনপি।সৈয়দ আশরাফের বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা বলেন। তিনি আশরাফের বক্তব্যকে ‘মিথ্যা ও কুরুচিপূর্ণ’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। হাঁটু ও দাঁতের চিকিত্সার জন্য গত মঙ্গলবার রাতে খালেদা জিয়া সিঙ্গাপুর যান। পরদিন এক আলোচনা সভায় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, ‘খালেদা জিয়া শুধু চিকিত্সার জন্য সিঙ্গাপুর যাননি। একটি বিশেষ শক্তিশালী দেশের সঙ্গে বোঝাপড়া করার জন্য সিঙ্গাপুর গেছেন। কীভাবে আগামী দিনে ক্ষমতায় আসা যায়, কী করলে তারা ক্ষমতায় বসাবে—এ বোঝাপড়ার জন্যই তিনি এ সফরে গেছেন।’রিজভী বলেন, ‘রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সরকার কোণঠাসা হয়ে পড়েছে। বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতায় তাদের মনে ও মাথায় চাপ সৃষ্টি হয়েছে। আমরা মনোবিজ্ঞানে পড়েছি, এমন পরিস্থিতিতে অন্ধকারে দড়ি দেখলেও সাপ মনে করে ভয় হয়। আমার মনে হয়, তারা এখন চাপে পড়ে কাণ্ডজ্ঞানহীন হয়ে চিকিত্সা নিয়েও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে।’ খালেদা জিয়া চিকিত্সার জন্য সিঙ্গাপুরে গেছেন এটা সবাই জানে, দাবি করে রিজভী বলেন, ‘সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতাল একটি বিখ্যাত হাসপাতাল। সেখানে কেউ বসে রাজনৈতিক ষড়যন্ত্র করবে, পাগলেও সেটা বিশ্বাস করে না।’ একটি বিশেষ শক্তিশালী দেশের সঙ্গে বোঝাপড়া করতে খালেদা জিয়া সিঙ্গাপুর সফরে গেছেন, এ বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলে সৈয়দ আশরাফ দাবি করেন। রিজভী সেসব তথ্য সংসদে প্রকাশ করতে সরকারকে আহ্বান জানান। বিএনপির এই নেতা বলেন, সরকার হত্যা, খুন, গুমসহ সার্বিক ব্যর্থতা ধামাচাপা দিতে জনগণকে বিভ্রান্ত করতে ‘ঠাকুরমার ঝুলি’ নিয়ে বসেছে।