খালেদা সাংবাদিকদরদি সেজেছেন: হানিফ
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের মূল আসামিদের আড়াল করতে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ মঙ্গলবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।হানিফ বলেন, খালেদা জিয়া সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলছেন। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘তাঁর কাছে যদি এই হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য থাকে, তবে তা নিয়ে পুলিশকে সাহায্য করছেন না কেন?’‘সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডে সরকারের লোকজন জড়িত। খুনি ধরা পড়েছে, সরকারের লোক হওয়ায় তাদের পার করে দেওয়া হয়েছে।’ গতকাল সোমবার খালেদা জিয়ার লালমনিরহাটের জনসভায় দেওয়া এই বক্তব্যের জবাব দেন হানিফ।আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া সাংবাদিকদরদি সেজেছেন। তাঁর শাসনামলে ১৬ জন সাংবাদিককে হত্যা করা হয়। দেশখ্যাত বহু সাংবাদিকের ওপর নিষ্ঠুর নির্যাতন চালিয়ে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়। ইটিভিকে নিষিদ্ধ করা হয়। কলামিস্ট মুনতাসীর মামুন, শাহরিয়ার কবীর, সাংবাদিক সেলিম সামাদ ও এনামুল হক চৌধুরীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়।বিডিআর বিদ্রোহের দিন খালেদা জিয়া কেন ঘটনাস্থলে না গিয়ে আত্মগোপনে ছিলেন প্রশ্ন করে হানিফ বলেন, ‘২৫ ফেব্রুয়ারি সমগ্র জাতি যখন উদ্বেগ ও উত্কণ্ঠার মধ্যে ছিল, তখন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া সরকারি নিরাপত্তাকর্মী ছাড়াই বাসা ছেড়ে কোথায় গিয়েছিলেন? শোনা যায়, তিনি পাকিস্তান হাইকমিশনারের বাসায় ছিলেন। বিডিআর হত্যাকাণ্ড শুরু হওয়ার আগে ক্যান্টনমেন্টের বাসা ছেড়ে তাঁর চলে যাওয়া কি প্রমাণ করে না যে তিনি ঘটনা সম্পর্কে জানতেন? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করলে একদিন সত্য বেরিয়ে আসবে।’হানিফ বলেন, ‘ভোট দেবে জনগণ। কে ক্ষমতায় যাবেন বা থাকবেন, তা ঠিক করবেন আল্লাহ। সুতরাং, খালেদা জিয়া সময় দেওয়ার কে?’ তিনি আরও বলেন, খালেদা যখন দুর্নীতি নিয়ে কথা বলেন, তা হয়ে যায় শতাব্দীর শ্রেষ্ঠ রসিকতা। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যিনি জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেন, যাঁর ছেলেদের দুর্নীতি এফবিআই তদন্ত করে বের করে, তাঁর মুখে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোভা পায় না।’ তিনি খালেদা জিয়াকে সংসদে এসে সব বিষয়ে আলোচনা করার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে দলীয় নেতাদের মধ্যে গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।