খালেদা-সালমান বৈঠক অনুষ্ঠিত
ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে দিল্লিতে বৈঠক করেছেন ভারত সফররত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টার এই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভারতের ঐতিহাসিক হায়দরাবাদ হাউসে বৈঠক শেষে খালেদা জিয়ার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান দিল্লি থেকে মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই বৈঠক হয়। তিনি বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে বৈঠক হয়েছে। বৈঠকে সীমান্তে হত্যা ও উত্তেজনা, অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যা, টিপাইমুখ বাঁধসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সন্দেহ, অবিশ্বাস, আস্থার সংকট নিরসন করে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন খালেদা জিয়া। মারুফ কামাল জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাঁদের নিরাপত্তার বিষয়টি উত্থাপন করেছেন। খালেদা জিয়া বলেছেন, এটি তাঁদের কাছেও সমান গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে কোনো সন্ত্রাসীকে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার বিষয়টি তিনি আবার উল্লেখ করেন।এক সপ্তাহের সফরে গত রোববার দিল্লি পৌঁছান বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। গতকাল সোমবার তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি মনমোহনকে আশ্বস্ত করেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ঠাঁই বাংলাদেশে হবে না। এই সফরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ করার কথা রয়েছে। এ বিষয়ে দিনক্ষণ এখনো ঠিক হয়নি।