খালেদা ‘ফ্যাশন প্যারেডে’ গিয়েছিলেন: দুর্যোগমন্ত্রী
দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোবিধ্বস্ত এলাকায় ‘ফ্যাশন প্যারেড’ করতে গিয়েছিলেন।আজ সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন।আবুল হাসান মাহমুদ আলী বলেন, বিএনপির চেয়ারপারসন ২০০টি গাড়ির বহর নিয়ে যেতে যে টাকা খরচ করেছেন, ওই টাকা দিয়ে ২০০টি পরিবারের পুনর্বাসন দেওয়া যেত।মন্ত্রী অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা দাবি করেছেন, তিনি ৩৭টি পরিবারকে সহায়তা করেছেন। কিন্তু সহায়তা পেয়েছে মাত্র সাতটি পরিবার।সংবাদ সম্মেলনে গত ২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোতে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, ওই ঝড়ের আঘাতে এ পর্যন্ত মোট ৩৬ জন নিহত হয়েছেন। ঝড়ে ৩৮৮ জন আহত ও এক হাজার ৭২৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অবকাঠামো ও গবাদিপশু মিলিয়ে ১৬০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।টর্নেডোবিধ্বস্ত এলাকায় সরকারি ও বেসরকারি ত্রাণকার্যক্রম তুলে ধরতে গিয়ে মন্ত্রী বলেন, এ পর্যন্ত প্রতিটি নিহত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা করে ও আহত ব্যক্তিদের জনপ্রতি পাঁচ হাজার টাকা করে, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে গৃহনির্মাণ বাবদ ছয় হাজার টাকা ও ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে।