খালেদা ’৭১-এর গণহত্যাকে আড়াল করার চেষ্টা করছেন: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সিঙ্গাপুর থেকে ফিরে এসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াত-শিবিরের নিন্দা না করে সরকারকে গালি দিয়েছেন। তিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ও নিহত হওয়ার ঘটনাকে ‘গণহত্যা’ বলে চিহ্নিত করেছেন। এটিকে গণহত্যা বলে খালেদা জিয়া একাত্তরের গণহত্যাকে আড়াল করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন রাশেদ খান মেনন। আজ রোববার নবম জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রাশেদ খান মেনন। রাশেদ খান মেনন অভিযোগ করেন, ‘গণহত্যা কাকে বলে বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া তা জানেন না। কারণ, ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে আমরা যে গণহত্যা দেখেছি, তা তিনি দেখেননি। খালেদা জিয়া ওই সময় চট্টগ্রামে ক্যান্টনমেন্টের আতিথেয়তা নিয়েছিলেন। তাই গণহত্যা কাকে বলে, তা তিনি জানেন না।’ রাশেদ খান মেনন আরও বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ট্রাইব্যুনালের রায়কে প্রভাবিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘সাঈদীর রায় যদি পড়ে দেখেন তাহলে দেখবেন, ২০টির মধ্যে দুটি অপরাধে তাঁর সর্বোচ্চ শাস্তি হয়েছে। এতে বোঝা যায়, কত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বিচারকাজ পরিচালিত হচ্ছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহবাগের সুরে সুর মিলিয়ে কথা বলেছেন বলে খালেদা জিয়া অভিযোগ করেছেন। এ অভিযোগ প্রসঙ্গে রাশেদ খান মেনন বলেন, ‘শাহবাগের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে শুধু প্রধানমন্ত্রী নন, পুরো সংসদ কথা বলেছে।’ নতুন প্রজন্ম দেশরক্ষার যে দায়িত্ব তুলে নিয়েছে, তাকে সমর্থন করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেন রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘কিন্তু খালেদা জিয়া তা না করে শাহবাগের বিরুদ্ধে বিষোদগার করেছেন।’ সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা সম্পর্কে রাশেদ খান মেনন বলেন, ‘তারা আজ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে। তাদের বসতবাড়ি পুড়িয়ে দিচ্ছে। এভাবে তারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে চাচ্ছে। এমনকি চাঁদের বুকে সাঈদীর ছবি দেখা গেছে, এমন কথা বলে তাঁরা ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস নিয়ে খেলছে।’ সারা দেশে জামায়াত-শিবিরের কর্মকাণ্ডকে অরাজকতা হিসেবে উল্লেখ করে রাশেদ খান মেনন গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। জাতীয় ঐক্যকে সমুন্নত রাখতে দেশবাসীর এগিয়ে আসা প্রয়োজন বলে মন্তব্য করেন রাশেদ খান মেনন।