আড়িয়ল বিলে প্রস্তাবিত বিমানবন্দরের বিরুদ্ধে সোমবার স্থানীয় বাসিন্দাদের সহিংস বিক্ষোভের ঘটনায় ওই দিন রাতে শ্রীনগর থানায় তিনটি মামলা হয়েছে। পুলিশ হত্যা, হামলা, ফাঁড়িতে অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের অভিযোগে পুলিশ বাদী হয়ে এসব মামলা করে। এতে আড়িয়ল বিল রক্ষা কমিটির আহ্বায়ক শাহজাহান বাদলসহ সাত হাজার লোককে আসামি করা হয়েছে।একই ঘটনায় গতকাল মঙ্গলবার বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধান আসামি করে তিন হাজার লোকের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি ও সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মতিন বাদী হয়ে মুন্সিগঞ্জ বিচারিক হাকিম আবুল হাসনাতের আদালতে মামলাটি করেন।পুলিশের অভিযান, পুরুষশূন্য ১৪ গ্রাম: সহিংসতার ঘটনায় সোমবার রাত থেকেই পুলিশ শ্রীনগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গতকাল সন্ধ্যা পর্যন্ত শ্রীনগর উপজেলার হাসাড়া, লস্করপুর, আলমপুর, দয়াহাটা ও ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ২৫ জনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে বলে শ্রীনগর থানার পুলিশ জানিয়েছে।পুলিশের লুট হওয়ার চারটি অস্ত্রের মধ্যে সোমবার রাতে একটি শটগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ জানান, বাকি অস্ত্র উদ্ধারে তল্লাশি চলছে।পুলিশের অভিযানের মুখে আড়িয়ল বিল এলাকার ১৪টি গ্রাম অনেকটা পুরুষশূন্য হয়ে পড়েছে বলে স্থানীয় ব্যক্তিরা জানান। ওই এলাকায় অভিযান আরও জোরদার করতে গত রাতে ঢাকা থেকে আরও অতিরিক্ত পুলিশ শ্রীনগরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।গতকাল দুপুরে দয়াহাটা গ্রামে পুলিশ অভিযানে গেলে পাশের বাড়ৈখালী থেকে কয়েক শ নারী-পুরুষ মিছিল নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় তথ্য সংগ্রহে যাওয়া সংবাদকর্মীদের পুলিশ ওই এলাকায় প্রবেশ করতে দেয়নি।গ্রামবাসী জানান, সোমবার রাতে কয়েক শ পুলিশ ও র্যাব বিভিন্ন গ্রামে অভিযান চালায়। এ সময় বিল রক্ষা কমিটির সদস্য আলমপুর ও লস্করপুরের নাসিরুল আলম, মহসীন উদ্দিন, হায়দার ও মোহাম্মদ আলীর বাড়িতে তল্লাশির নামে ব্যাপক ভাঙচুর করেছে বলে গ্রামবাসীর অভিযোগ। ওই গ্রামের রহিমা সুলতানা জানান, এ রকম ২০-২৫টি বাড়িতে তল্লাশির সময় পুলিশ ভাঙচুর করেছে। এতে ওই সব বাড়ির নারীরা ভীতসন্ত্রস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, ‘শুনতেছি, আজ রাতে নাকি মহিলা পুলিশও আসবে। তাই কোনো কোনো বাড়ির মহিলারাও সরে গেছে। আমি পাঁচ দিন আগে মা হয়েছি, কীভাবে বাড়ি ছাড়ব?’জানা গেছে, গতকাল ভোরে হাসাড়া ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন মৃধাকে পুলিশ আটক করেছে।শ্রীধরপুর গ্রামের ডলি কবির জানান, তাঁর একাদশ শ্রেণীতে পড়ুয়া ছেলে সাব্বির ও একই গ্রামের রোম্মানকে (১৯) গতকাল ঢাকা-মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জ এলাকায় গাড়ি তল্লাশির সময় পুলিশ আটক করেছে।বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমেদ প্রথম আলোকে বলেন, পুলিশ-র্যাব বাড়িতে বাড়িতে ও রাস্তায় কাউকে দেখলেই তল্লাশি করছে। র্যাব বাড়ৈখালী থেকে মিল্লাত নামের একজন ও শ্রীধরপুর থেকে দুজনকে ধরে নিয়ে গেছে। ওই গ্রাম এখন পুরুষশূন্য।মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযান অব্যাহত আছে। যারা ওই দিন পুলিশের ওপর হামলা ও পুলিশ হত্যার সঙ্গে জড়িত, তাদেরই কেবল ধরা হবে। সাধারণ মানুষের ভয় নেই। তারা নির্ভয়ে চলাচল করতে পারবে। তিনি বলেন, সোমবারের ঘটনায় ইন্ধনদাতাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।বিক্ষোভ: গতকালও নবাবগঞ্জ উপজেলার মুন্সিনগর, কামারখোলা ও সোনাতলা শংকরখালীতে কয়েক হাজার নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে সোমবার বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলা, পুলিশ হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিলবাসীর ওপর গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় দুই সাংসদ ও প্রতিমন্ত্রীকে দায়ী করা হয়।মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ: মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন বাদী হয়ে আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় বলা হয়, আড়িয়ল বিলে প্রধানমন্ত্রী যখন বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেন, তখন থেকেই খালেদা জিয়া বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হন। ২৯ জানুয়ারি সংবাদ সম্মেলনে খালেদা জিয়া আড়িয়ল বিলে বিমানবন্দর করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন। তাঁর এই উসকানিমূলক বক্তব্যের পর বিএনপির লোকজন সোমবার অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কে নারকীয় ঘটনা ঘটায়। এতে একজন পুলিশ কর্মকর্তা খুন হন এবং ম্যাজিস্ট্রেট, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন। খালেদা জিয়ার উসকানি ও নির্দেশে এসব সহিংস ঘটনা ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়।বিএনপির সংবাদ সম্মেলন: গতকাল বিকেলে মুন্সিগঞ্জে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জেলা সভাপতি মো. আবদুল হাই বলেন, খালেদা জিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবে এই মিথ্যা মামলা করা হয়েছে। তিনি এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান, অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেন।সংবাদ সম্মেলন শেষে বিএনপি একটি প্রতিবাদ মিছিল বের করে।আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোমবার ঢাকা-মাওয়া মহাসড়কের প্রায় আট কিলোমিটার জুড়ে পুলিশের সঙ্গে গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়।