‘ওয়াশিংটন টাইমস’-এর নিবন্ধের সমালোচনা করে হাছান মাহমুদ
খালেদাকে ইতিহাস ঘসেটি বেগম হিসেবে চিনবে
বাংলাদেশের ‘গণতন্ত্র রক্ষায়’ মার্কিন যুক্তরাষ্ট্রকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন । গতকাল বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রিকা ‘ওয়াশিংটন টাইমস’-এ লেখা এক নিবন্ধে বিরোধীদলীয় নেতা এ আহ্বান জানান। তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, বাংলাদেশের প্রথম নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ নানা বিষয় নিয়ে মত ব্যক্ত করেছেন ওই লেখায়। খালেদা জিয়ার এই নিবন্ধের কঠোর সমালোচনা করেছে আওয়ামী লীগ। পরিবেশ ও বনমন্ত্রী এবং দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ খালেদা জিয়ার ওই নিবন্ধের সমালোচনা করেন। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দলের বক্তব্য তুলে ধরেন।হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া তাঁর লেখায় বাংলাদেশের পোশাকশিল্প খাতসহ সার্বিক অর্থনীতির ওপর চাপ প্রয়োগ এবং রাজনীতিতে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে রাষ্ট্রদ্রোহ করেছেন। তিনি (খালেদা জিয়া) ক্ষমতায় আসার লোভে দেশি-বিদেশি হস্তক্ষেপের আহ্বান জানান। তিনি দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে চান। আগামীর ইতিহাস খালেদা জিয়াকে পলাশীযুদ্ধের আর এক ঘষেটি বেগম হিসেবে মূল্যায়ন করবে বলেও তিনি মন্তব্য করেন।হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার লেখার মাধ্যমে তাঁর রাজনৈতিক দেউলিয়াত্ব ও প্রতিহিংসা প্রকাশিত হয়েছে। যুদ্ধাপরাধীদের রক্ষার যে মিশন নিয়ে তিনি দেশে ও বিদেশে অপতত্পরতা চালাচ্ছেন, তা নতুন প্রজন্মের কাছে ক্ষমাহীন অপরাধ হিসেবে বিবেচিত হবে।হাছান মাহমুদ আরও বলেন, ‘খালেদা জিয়া ওই নিবন্ধে শুধু প্রতিহিংসার বশবর্তী হয়ে নিজের দেশকে খাটো করতে দ্বিধা করেননি। তিনি তাঁর লেখায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শক্তিধর দেশগুলোকে বাংলাদেশে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের সাবেক প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা কতটা অবিবেচক হলে এ ধরনের আহ্বান জানাতে পারেন, তা সহজেই অনুমেয়।’ হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির আশ্রয়ে এবং অংশগ্রহণে জামায়াত-শিবির হরতালের নামে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, যুদ্ধাপরাধের বিচার বন্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, খালেদা জিয়ার এই নিবন্ধে তা প্রমাণিত হয়েছে।’সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকেরা জানতে চান, এর জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না। এর জবাবে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘দেশকে রক্ষার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার; তিনি যে-ই হোন না কেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’সংবাদ সম্মেলনে দলের নেতা অসীম কুমার উকিল, ফরিদুন নাহার লাইলী প্রমুখ উপস্থিত ছিলেন।