খালেদাকে ক্ষমা চাইতে হবে : আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নিয়ে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার বক্তব্য আদালত অবমাননার শামিল। এটি প্রত্যাহারের কোনো সুযোগ নেই। নিয়ম অনুসারে এ জন্য খালেদাকে আদালতে ক্ষমা চাইতে হবে। আজ শনিবার বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে আইনমন্ত্রী বলেন, চিকিত্সার জন্য সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক যে টাকা নিয়েছেন, সেটিকে খালেদা জিয়া আদালতের রায়ের সঙ্গে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। খালেদা যে বক্তব্য দিয়েছেন তা আদালত অবমাননার শামিল। তিনি বলেন, আদালত অবমাননা করলে বা জনসমক্ষে আদালতকে ছোট করলে সাংবিধানিক ক্ষমতাবলে তার বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিতে পারে। খালেদা জিয়ার ওই বক্তব্যের পর বিভিন্ন মহল থেকে সেটি প্রত্যাহারের জন্য যে দাবি জানানো হয়েছে সে ব্যাপারে শফিক আহমেদ বলেন, আদালত অবমাননা করলে আদালতে এসে ক্ষমা চাওয়ার বিধান রয়েছে। বক্তব্য প্রত্যাহার করা যাবে কি না, তা আদালতের বিবেচনার বিষয়। সম্প্রতি খালেদা জিয়া অভিযোগ করেন, অর্থের বিনিময়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক রায় দিয়েছিলেন। ৬ সেপ্টেম্বর সংসদীয় কমিটির সভায় ১৯৯৯ সাল থেকে চলতি ২০১১ সাল পর্যন্ত ১২ বছরে ২৮ জন বিচারপতির চিকিত্সার জন্য নেওয়া তালিকা উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, বিচারপতিরা চিকিত্সার জন্য দুই কোটি টাকার বেশি আর্থিক অনুদান নিয়েছেন।