শিবিরের হরতালে ‘না বিরোধিতা, না সমর্থন’
খালেদাকে গ্রেপ্তারের প্রচারণায় ভূমিকা রাখছে সরকার: বিএনপি
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হতে পারে, এ ধরনের একটি প্রচারণা রয়েছে। এ ক্ষেত্রে সরকার বিশেষ ভূমিকা রাখছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান এ অভিযোগ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামসুজ্জামান বলেন, ‘দেশনেত্রীকে আলাদা করে কবে গ্রেপ্তার করা হবে, তা আমরা জানি না। তবে এ নিয়ে এক ধরনের প্রচারণা দেশে রয়েছে।’ এ ধরনের ‘ভয়ংকর ও বিভীষিকাময়’ পদক্ষেপ না নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া এ ধরনের প্রচারণাকে একটি মনস্তাত্ত্বিক লড়াই আখ্যা দিয়ে শামসুজ্জামান বলেন, ‘এসব করে কাজ হবে না।’আগামীকাল বৃহস্পতিবার শিবিরের ডাকা হরতালে বিএনপি সমর্থন দেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামসুজ্জামান জানান, এখনো পর্যন্ত এই হরতাল নিয়ে বিএনপির অবস্থান হলো ‘না বিরোধিতা, না সমর্থন’।এ ছাড়া সংবাদ সম্মেলনে আজকের হরতালে সারা দেশে বিএনপির আড়াই শতাধিক নেতা-কর্মী আহত ও দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।শামসুজ্জামান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাজনৈতিক নেতারা দুর্বৃত্ত। তাঁর কথাই যদি সঠিক হয়, তাহলে আমাদের প্রশ্ন দুর্বৃত্তপরায়ণ নেতাদের দ্বারা পরিচালিত কোনো দল কীভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়। তিনি যদি নিজ দলকে সাচ্চা ভেবে বিরোধী নেতৃবৃন্দের ওপর দুর্বৃত্তপরায়ণতার অভিযোগ এনে থাকেন, তাহলে জনগণ বিএনপিকে তিনবার কেন ক্ষমতায় বসিয়েছিল? আমরা জানি, এর সদুত্তর স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারবেন না। কারণ, সরকারি দলের মন্ত্রী-এমপিরা কখন কী বলেন, তা তাঁরা নিজেরাই জানেন না।’এ দিকে সংবাদ সম্মেলনের আগে বিকেল পাঁচটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।