জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নিয়ে জিজ্ঞাসাবাদ
খালেদাকে দেওয়া চিঠি কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
শহীদ জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট ও ভৈরব সেতু নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য খালেদা জিয়াকে দেওয়া চিঠি কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ানম্যানসহ সংশ্লিষ্টদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন।জানা গেছে, দুদকের পক্ষ থেকে এ দুটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য খালেদা জিয়াকে ১০ দফায় চিঠি দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষ থেকে দুদকে আটবার চিঠি দিয়ে অভিযোগের উপাদান জানতে চাওয়া হয়েছে। আইন অনুযায়ী দুদক অভিযুক্ত ব্যক্তিকে অপরাধের উপাদান জানাতে বাধ্য। এ ক্ষেত্রে অভিযোগের উপাদান না জানিয়ে দুদক আইন ভঙ্গ করেছে—অভিযোগ এনে এর বৈধতা চালেঞ্জ করে খালেদা জিয়ার পক্ষে রিট দুটি দায়ের করা হয়।