বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। দলটিতে এখন আর এমন কোনো নেতা নেই, যাঁকে দিয়ে দলীয় সংবাদ সম্মেলন করানো যায়। তাই উপদেষ্টাদের দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে উল্টাপাল্টা কথা বলানো হচ্ছে। খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল।‘অতীতের কর্মকাণ্ডের জন্য খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে’ বলে সম্প্রতি এইচ টি ইমাম যে বক্তব্য দিয়েছেন, তার জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমা আপনাকে চাইতে হবে। কারণ, আপনি সেই ব্যক্তি যিনি মোশতাক সরকারকে শপথ পড়িয়ে ছিলেন।’নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার বিকেলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ সব নেতা-কর্মীর মামলা প্রত্যাহার এবং কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবিকে অযৌক্তিক বলে আওয়ামী লীগের বিভিন্ন নেতার দেওয়া বক্তব্যের জবাবে বিএনপির এই নেতা বলেন, এই সরকারের গত আড়াই বছরে কোনো সফলতা নেই। তিনি দাবির যৌক্তিকতা তুলে ধরে বলেন, ‘সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে। লিমনের মতো একজন টগবগে যুবক শিকার হয়েছে বিচার বহির্ভূত নির্যাতনের।’ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, ‘বিচারপতি খায়রুল হক জ্বালিয়ে ভেজে সংবিধান খেয়ে ফেলেছেন। সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে তাঁকে দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে নির্বাচন করার স্বপ্ন দেখছে।’ তিনি বলেন, খায়রুল হককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হলে সে নির্বাচন মেনে নেওয়া হবে না।ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ প্রমুখ বক্তব্য দেন।