খালেদাকে বাড়ি দেওয়া বা নেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর: সাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসে খালেদা জিয়াকে বাড়ি দেওয়া বা নেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর। এ নিয়ে রাজনীতিবিদ ও বিচারবিভাগকে বিতর্কে জড়ানোর অবকাশ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আজ রোববার সকালে ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় আইনজীবী জয়নুল আবেদিন ও ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।সালাউদ্দিন কাদের বলেন, সেনাবাহিনী যদি মনে করে বাড়িটিতে খালেদা জিয়াকে আর থাকতে দেবে না, তাহলে ৩০ দিনের মধ্যে নয়, একদিনের মধ্যেই এ বাড়ি থেকে বেগম জিয়াকে বের করে দিতে পারে। সেনানিবাসে খালেদার থাকার অধিকারের পক্ষে যুক্তি দেখিয়ে সালাউদ্দিন কাদের বলেন, তত্কালীন কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ওই বাড়ি তাঁদের সাবেক সেনাপ্রধানের বিধবা স্ত্রীকে বরাদ্দ দেওয়ার জন্য রাষ্ট্রপতি আবদুস সাত্তারের কাছে প্রস্তাব করেছিলেন। এর ভিত্তিতে ওই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। এটা নিয়ে আবেগ দেখানো বা রাজনীতি করার কোনো সুযোগ নেই।রাজনৈতিক নেত্রী হিসেবে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসে থাকা উচিত কি না—এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, রাজধানীর মধ্যবর্তী স্থানে কোনো ক্যান্টনমেন্ট থাকাটা ভালো নয়। ক্যান্টনমেন্ট থাকবে দূর-জঙ্গলে। তিনি বলেন, ‘একজন রাজনৈতিক নেত্রী হিসেবে খালেদা জিয়ার বাড়িতে সবার প্রবেশাধিকার থাকা প্রয়োজন বলে আমি মনে করি। সেখানে (সেনানিবাস) থাকলে অনেক প্রতিবন্ধকতা আসে। জাহাঙ্গীর গেইটে আটকে দেয়। একটি চিঠি পর্যন্ত সেখানে পৌঁছানো যায় না।’ তাঁর বিরুদ্ধে ওঠা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রসঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে সাক্ষ্য-প্রমাণের অভাব হবে না। নারী নির্যাতনের অভিযোগ বিষয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্যের জবাবে সালাউদ্দিন কাদের বলেন, ‘উনি বলেছেন, তাঁর কাছে সংবাদ আছে, একাত্তর সালে নারী নির্যাতনের ঘটনার বিষয়ে। এ রকম আমার কাছেও তো সংবাদ আছে, কেরানীগঞ্জে তিনি একজন প্রমোদ বালক ছিলেন।’