খালেদাকে মতিয়া: আপনি মেকআপ জানেন ওটাই করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বিএনপি সরকারের আমলে সারের জন্য ১৮ জন্য কৃষককে হত্যা করা হয়েছে। আজ তারাই অপপ্রচার ছড়াচ্ছে, আমরা নাকি বিনা মূল্যে কৃষকদের সার দিতে চেয়েছি। আপনারা যাহা ইচ্ছা তাহা বললে পাবলিক শুনবে না। কৃষক হত্যাকারীদের মুখে কৃষকের জন্য মায়া কান্না মানায় না।’ আজ শুক্রবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে উপজেলার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষায় উদ্দীপনা আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে কৃষিমন্ত্রী বলেন, ‘আপনি মেকআপ-গেটআপ জানেন, ওটাই করেন। কৃষি-শিক্ষা জানেন না, সেটা নিয়ে উচ্চবাচ্য না করাই ভালো। আমরা সার-বীজসহ কৃষি উপকরণ সরবরাহের চেইন ঠিক রেখেছি, কোনো ব্যাঘাত ঘটাইনি। কৃষকদের সারের দাম কমানো হয়েছে, কৃষিতে কৃষকদের ভর্তুকিও দেওয়া হচ্ছে।’নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাসিরুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুস সবুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে উপজেলার ২৪টি স্কুল ও ২০টি মাদ্রাসার মোট ৪৪০ জন এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের প্রত্যেককে ৫০০ টাকা করে উদ্দীপনা সহায়তা দেওয়া হয়।