খালেদাকে রুপার হাঁস দেবেন মনিরুল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ফুলের তোড়া ও রুপার হাঁসের প্রতীক উপহার দেবেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু।আজ শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পথসভার মঞ্চ পরিদর্শনের পর প্রথম আলো অনলাইনকে মনিরুল হক এ কথা বলেন। খালেদা জিয়া কাল রোববার সকালে চট্টগ্রাম বিভাগীয় রোড মার্চ উপলক্ষে সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। রোড মার্চেরই একটি পথসভা হবে কুমিল্লার পদুয়ার বাজারে।দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, আজ শনিবার বিএনপির সাবেক সাংসদ জাকারিয়া তাহেরের নির্বাচনী এলাকা পদুয়ার বাজারে বিএনপির পথসভার মঞ্চ তৈরির কাজ চলছে। বিকেল পাঁচটার দিকে মঞ্চ পরিদর্শন করতে যান নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও বিএনপি থেকে অব্যাহতি নেওয়া নেতা মনিরুল হক। ওই সময় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সাংসদ বরকতউল্লাহ, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, আন্তর্জাতিক সম্পাদক জাকারিয়া তাহের, সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়া ও কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।জানতে চাইলে সাংসদ বরকতউল্লাহ বলেন, ‘মনিরুল হক বিএনপি থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করেছেন। নির্বাচন করে তিনি ৩০ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থীকে হারিয়েছেন। এমন নেতাকে অবশ্যই বিএনপি দলে ফিরিয়ে নেবে। কাল রোববারের পথসভায় তিনি মঞ্চেও থাকবেন।’দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বলেন, ‘মনিরুল হকের ওই জয় বিএনপিতে নতুন মাত্রার সৃষ্টি করেছে। দল থেকে সাক্কু লিখিত আবেদন করে অব্যাহতি নিয়েছেন। আবার লিখিত আবেদন করলেই দল তাঁকে ফিরিয়ে নেবে। দলও তাঁকে গ্রহণ করার জন্য প্রস্তুত।’এ প্রসঙ্গে মেয়র মনিরুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার অস্তিত্বজুড়ে বিএনপি। গত ৩৩ বছর ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দল ইভিএম পদ্ধতি বাতিল ও সেনা মোতায়েন না করায় নির্বাচনে অংশ নেয়নি। কিন্তু কুমিল্লার জনগণের চাপে আমাকে নির্বাচন করতে হয়। ওই নির্বাচনে জনতার জয় হয়েছে। জয় হয়েছে বিএনপির। তাই আমি নিজ দলেই ফিরে যেতে চাই। সবাইকে নিয়ে কাজ করতে চাই।’খালেদা জিয়াকে হাঁস প্রতীক উপহার দেবেন কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হাঁস প্রতীক নিয়ে মেয়র পদে জয়ী হয়েছি। তাই ম্যাডামকে সেটি উপহার দিতে চাই।’