খালেদাকে সংসদে আসার অনুরোধ জানালেন স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। গতকাল বুধবার বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার এ অনুরোধ জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সময় খালেদা জিয়া অতিথি মঞ্চে স্পিকার আবদুল হামিদের সঙ্গে বসে ছিলেন। এ সময় তাঁকে স্পিকারের সঙ্গে আলাপ করতে দেখা যায়। বিরোধীদলীয় নেতার সঙ্গে কী কথা হয়েছে—পরে এ বিষয়ে স্পিকারকে সাংবাদিকেরা প্রশ্ন করেন। তিনি বলেন, ‘আমি বিরোধীদলীয় নেতাকে সংসদে আসতে অনুরোধ করেছি। তিনি বলেছেন, বিষয়টি বিবেচনা করে দেখবেন।’ অনুষ্ঠান শেষে এ ব্যাপারে সাংবাদিকেরা খালেদা জিয়ার মতামত জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।