খালেদাকে সেনানিবাসের বাড়ি ছাড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার করা রিট খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দিয়েছেন হাইকোর্ট। বাড়িটি ছাড়তে তাঁকে ৩০ দিন সময় দিতে বলেছেন আদালত। গতকাল বুধবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম জানান, গতকাল বুধবার থেকে ৩০ দিন গুনতে হবে। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী টি এইচ খান।সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের সামরিক ভূ-সম্পত্তি প্রশাসকের কার্যালয় থেকে গত বছরের ২০ এপ্রিল খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়িটি ছেড়ে দিতে নোটিশ দেওয়া হয়। একই বছরের ৭ ও ২৪ মে দুই দফায় আবারও তাঁকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। এরপর নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন। গত বছরের ২৭ মে হাইকোর্ট নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন। গত ৬ জুন রুলের ওপর চূড়ান্ত শুনানি শুরু হয়। শুনানিকালে ২৩ আগস্ট হাইকোর্ট বাড়িটির ইজারাসংক্রান্ত যাবতীয় নথি তলব করেন। ২২ কার্যদিবস শুনানি শেষে আদালত ৬ অক্টোবর রায় দেওয়ার জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করেন।গতকাল বেলা পৌনে ১১টা থেকে রায় দেওয়া শুরু করেন আদালত। মাঝে দেড় ঘণ্টা বিরতি দিয়ে বিকেল চারটায় রায় দেওয়া শেষ হয়। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, মুরাদ রেজা ও মো. মমতাজউদ্দিন ফকির, সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক, খোন্দকার দিলীরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, খন্দকার মাহবুব হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মাহবুবউদ্দিন খোকন, এম বদরুদ্দোজা প্রমুখ উপস্থিত ছিলেন।প্রতিক্রিয়া: রায়ের প্রতিক্রিয়ায় খালেদা জিয়ার আইনজীবী টি এইচ খান বলেন, ‘রায় শুনে আমি হতবাক। আমরা নেত্রীর সঙ্গে আলোচনা করে আপিল করব।’ কেন হতবাক—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রচলিত আইন অনুসারে নোটিশ দিয়ে রেজিস্টার্ড দলিল বাতিল করা যায় না। কবে নাগাদ আপিল করা হবে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৩ অক্টোবর পর্যন্ত আদালত বন্ধ। রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর পর্যালোচনা করে আপিল করা হবে।অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম বলেন, সরকার খালেদা জিয়াকে সেনানিবাসের যে বাড়িটি বরাদ্দ দিয়েছিল, তা ১৬৫ কাঠা জমির ওপর। বাড়িটি ছিল ডেপুটি চিফ অব স্টাফের। কথিত লিজ দলিলের ভিত্তিতে বাড়িটি দেওয়া হয়, যা ছিল অবৈধ। অ্যাটর্নি জেনারেল বলেন, এর আগেই গুলশানে তাঁকে এক বিঘা জমি দেওয়া হয়। সরকার যখন তাঁকে চূড়ান্তভাবে বাড়ি ছাড়তে নোটিশ দেয়, তখন তিনি এ নিয়ে রিট করেন। রায় প্রসঙ্গে মাহ্বুবে আলম বলেন, আদালত খালেদা জিয়ার মামলাটি (রিট) খারিজ করেছেন। স্থগিতাদেশও প্রত্যাহার করেছেন। ৩০ দিনের মধ্যে বাড়ি ছাড়তে নির্দেশ দিয়েছেন।প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, বড় স্বস্তির বিষয় হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী তার ১৬৫ কাঠার সম্পত্তি ফিরে পাচ্ছে। রাষ্ট্রপতি হলেই জনগণের সম্পত্তি, সেনাবাহিনীর সম্পত্তি নেওয়া যায় না—রায়ে সেটাই প্রমাণিত হলো। এত দিন খালেদা জিয়া কি অবৈধভাবে ওই বাড়িতে ছিলেন? এমন প্রশ্নের জবাবে মাহ্বুবে আলম বলেন, অবশ্যই। ১৯৮১ সালের ১৩ জুন বিচারপতি আবদুস সাত্তার তৎকালীন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল আমজাদ আহমেদ চৌধুরীর সুপারিশে বাড়িটি দেন। বিচারপতি সাত্তার ক্ষমতার অপব্যবহার করে, আইনের তোয়াক্কা না করেই বাড়িটি দেন। এভাবে বাড়ি দেওয়া আইন ও সংবিধানসম্মত ছিল না।৩০ দিন কবে থেকে গণনা শুরু হবে? জবাবে মাহ্বুবে আলম বলেন, আজ (বুধবার) থেকেই শুরু হবে। প্রথম আলোকে তিনি বলেন, রিট খারিজ হওয়ার ফলে নোটিশ বৈধ বলে প্রমাণিত হলো।আদালত অঙ্গন: খালেদা জিয়ার রিটের রায় দেওয়া নিয়ে হাইকোর্টের এনেক্স ভবনের ১৩ নম্বর বিচারকক্ষ ছিল সবার মনোযোগের কেন্দ্র। এ নিয়ে আদালত অঙ্গনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সকাল থেকেই বিচারকক্ষে জড়ো হতে থাকেন আইনজীবীসহ অন্যরা।রায় ঘোষণার পরপরই বিএনপি-সমর্থক আইনজীবীরা মিছিল বের করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন। তাঁরা স্লোগান দেন, ‘মানি না মানব না’, ‘হাইকোর্টে পুলিশ কেন জবাব চাই’।ফিরে দেখা: গত বছরের ৮ এপ্রিল মন্ত্রিসভায় খালেদা জিয়ার নামে দেওয়া সেনানিবাসের বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত হয়। ২০ এপ্রিল দেওয়া প্রথম নোটিশে ১৫ দিনের মধ্যে বাড়িসহ সম্পত্তি সামরিক ভূ-সম্পত্তি কর্মকর্তার কাছে হস্তান্তরের জন্য বলা হয়। ওই নোটিশে বলা হয়, বেগম জিয়া অনুচিত পন্থায় মইনুল সড়কের বাড়িটি নিজের নামে করেছেন, যা ছিল বেআইনি ও জনস্বার্থবিরোধী। এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া রিট আবেদন করেন। পরে একই বছরের ৭ মে শহীদ মইনুল হোসেন সড়কের বাড়িসহ সম্পত্তি কেন ছেড়ে দিতে বলা হবে না, তার কারণ দর্শাতে বলা হয়েছিল খালেদা জিয়াকে। এর জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়। গত ২২ মে কারণ দর্শানোর সময়সীমা শেষ হওয়ার পর তাঁকে আবারও বাড়ি ছাড়তে সময় নির্ধারণ করে দেওয়া হয়। গত বছরের ২৪ মে দেওয়া তৃতীয় নোটিশে ওই বছরের ৩০ জুনের মধ্যে সামরিক ভূ-সম্পত্তি কর্মকর্তার (মিলিটারির এস্টেট অফিসার) অনুকূলে বাড়িসহ সম্পত্তি ছেড়ে দিতে বলা হয়। প্রথম নোটিশ নিয়ে রিট করা হলেও পরের নোটিশগুলোর বৈধতা প্রশ্নে সম্পূরক আবেদন করা হয়। রিটের শুনানিকালে হাইকোর্ট ২৩ আগস্ট বাড়িটির ইজারাসংক্রান্ত নথি তলব করেন।খালেদা জিয়ার রিট শুনানি নিয়ে হাইকোর্টের একাধিক বেঞ্চ বিব্রতবোধ করেন। পরে রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। এরপর রুল শুনানির জন্য আরেকটি দ্বৈত বেঞ্চে পাঠানো হয়। ওই বেঞ্চের প্রতি খালেদা জিয়া ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করলে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে বিষয়টি বিচারপতি মো. ইমান আলীর নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। এই বেঞ্চের প্রতি অনাস্থা জানিয়ে খালেদা জিয়া আবেদন করলে তা খারিজ হয়। পরে প্রধান বিচারপতি রিট আবেদনটি শুনানির জন্য বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন বেঞ্চে পাঠান।