খালেদাকে সেনানিবাসের বাড়ি দেওয়ার সিদ্ধান্ত বেআইনি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়িটি দেওয়ার ক্ষেত্রে কোনো সরকারি সিদ্ধান্ত ছিল না। ওই সম্পত্তি হস্তান্তর প্রশ্নে সেনাপ্রধানের নেওয়া সিদ্ধান্ত ও ইজারা দেওয়ার পুরো প্রক্রিয়াটি ছিল একেবারেই বেআইনি। এই জমিটি এ-১ শ্রেণীর হওয়ায় সেনানিবাস ভূমি প্রশাসন (সিএলএ) বিধিমালা-১৯৩৭ অনুযায়ী হস্তান্তরযোগ্য নয়।সম্পত্তিটি ইজারা দেওয়া বিধিমালার ২৬ বিধির পরিপন্থী। খালেদা জিয়ার বাড়ি ছাড়ার বৈধতার প্রশ্নে রিট খারিজসংক্রান্ত ১৩ অক্টোবর হাইকোর্টের দেওয়া রায়ে এ কথা বলা হয়েছে। পূর্ণাঙ্গ রায় আজ বৃহস্পতিবার পাওয়া গেছে।রায়ে আরও বলা হয়, সম্পত্তিটি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার সরকারি বাংলো হিসেবে চিহ্নিত থাকায় এবং সেনাপ্রধান ও রাষ্ট্রপতির সরকারি বাসভবন হিসেবে ব্যবহূত হওয়ায় এটি জাতীয় গুরুত্বপূর্ণ সম্পত্তি। এ কারণে সম্পত্তিটি আবেদনকারীকে দেওয়া জনস্বার্থের পরিপন্থী।রায়ে বলা হয়, তত্কালীন সেনাপ্রধানের আদেশে ও রাষ্ট্রপতির অনুমোদনে আবেদনকারীকে সেনানিবাসের বাড়ি ইজারা দেওয়া বেআইনি ও জনস্বার্থের পরিপন্থী। কারণ কোনো সরকারি সম্পত্তি বরাদ্দ দেওয়ার এখতিয়ার সেনাপ্রধানের নেই। আর রাষ্ট্রীয় সম্পত্তি যাকে খুশি, যেকোনো মূল্যে ও যেকোনো প্রক্রিয়ায় দেওয়ার নিরঙ্কুশ ক্ষমতা রাষ্ট্রপতিরও নেই। রাষ্ট্রপতি আইনের ঊর্ধ্বে ছিলেন না বা নন।ঘটনাপ্রবাহ: সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের সামরিক ভূসম্পত্তি প্রশাসকের কার্যালয় থেকে গত বছরের ২০ এপ্রিল খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়িটি ছেড়ে দিতে নোটিশ দেওয়া হয়। গত বছরের ৭ ও ২৪ মে দুই দফায় আবার তাঁকে বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়। এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৭ মে হাইকোর্ট নোটিশের কার্যকারিতা স্থগিত করেন ও রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত তা খারিজ করে রায় দেন। একই সঙ্গে খালেদা জিয়াকে বাড়ি ছাড়তে ৩০ দিন সময় দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।রায়ে যা বলা হয়েছে: ৪০ পৃষ্ঠার রায়ে বলা হয়, সরকারি কোনো সম্পত্তি কাউকে বরাদ্দ দেওয়া, এমনকি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর প্রধানের নেই। তাই সেনাপ্রধানের সিদ্ধান্তে ও আদেশে সম্পত্তিটি ইজারা দেওয়া বেআইনি।