খালেদাকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাহারের অনুরোধ: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাহার করে প্রধানমন্ত্রীর আহ্বানে সংলাপে সাড়া দেওয়ার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘শর্ত প্রত্যাহার করে নিন। আপনার পছন্দমতো জায়গাতেই সংলাপ হবে।’আজ রোববার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।নির্দলীয় সরকারের দাবি মানতে গতকাল শনিবার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের বিশাল সমাবেশ থেকে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, এই সময়ের মধ্যে নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠন নিয়ে সরকারকে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। তা না হলে কঠোর কর্মসূচিতে যাবে ১৮-দলীয় জোট। তিনি সংলাপের প্রস্তাবকে ‘নাটক’ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীকে আলোচনার জন্য চায়ের আমন্ত্রণ জানান।খালেদা জিয়ার গতকালের দেওয়া আলটিমেটামের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘উনি (খালেদা জিয়া) জল ঘোলা করে ভিন্ন কিছু করার চিন্তা করছেন। অসাংবিধানিক পন্থার দিকে ঠেলে দেওয়ার চিন্তা করছেন। চক্রান্তমূলক রাজনীতির পাঁয়তারা করছেন। গতকালের বক্তব্যের পর আমাদের ধারণা হয়েছে, উনি নির্বাচন ছাড়াই বাংলা ভাই, তালেবানি ও হেফাজতি মার্কা রাষ্ট্র কায়েম করতে চান। তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি গণতান্ত্রিক রাজনীতির জন্য দুঃখজনক বার্তা দিলেন। হেফাজতে ইসলামকে সমর্থন দিয়ে তিনি সরাসরি তালেবানি রাষ্ট্র কায়েমের সমর্থন দিলেন।’তথ্যমন্ত্রী বিরোধী দলের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করে দিয়ে বলেছেন, ‘পুরোনো ধাঁচের তত্ত্বাবধায়ক কাঠামো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তবে নির্বাচনকালীন রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে একটি সমঝোতা করতে পারব এবং নির্বাচনকালীন রূপরেখা তৈরি করতে পারব।’