খালেদাকেও সংলাপের কথা বললেন হিলারি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। আর তা নিশ্চিত করতে রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে।গতকাল শনিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে হিলারি ক্লিনটন এ কথা বলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কে খালেদা জিয়ার বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাত নয়টা ২৫ মিনিটে শুরু হওয়া সৌজন্য সাক্ষাৎ চলে প্রায় এক ঘণ্টা।শমসের মবিন বলেন, বাংলাদেশে গুম-হত্যার বিষয়গুলো সম্পর্কে হিলারি অবগত বলে তাঁদের জানিয়েছেন। সাক্ষাতে তিনি মানবাধিকার-পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। হিলারি বিএনপির চেয়ারপারসনকে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় গুম ও বিচারবহির্ভূত হত্যার বিষয়ে কথা বলেছেন। বিশেষ করে, ইলিয়াস আলী প্রসঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁকে উদ্ধারে এবং এ ধরনের ঘটনা তদন্তে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন।বিএনপির একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের দমন-নিপীড়নের কথা তুলে ধরেন। এ সরকারের অধীনে কোনো নির্বাচন কেন সুষ্ঠু হওয়া সম্ভব নয়, তা-ও তুলে ধরেন তিনি। গত কয়েক বছরের দমন ও নির্যাতনের চিত্রও হিলারির সামনে উপস্থাপন করা হয়। খালেদা জিয়া তাঁকে বলেন, আজকের এ সৌজন্য সাক্ষাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের থাকার কথা ছিল। কেন তিনি আসতে পারেননি, তা-ও ব্যাখ্যা করেন।বিরোধীদলীয় নেতা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আহ্বান জানান। বিশেষ করে, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশকে কিছু সুবিধা দেওয়ার অনুরোধ করেন তিনি। তিনি যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগ চান। বিশেষ করে, তৈরি পোশাকশিল্পের নানা সমস্যা সমাধানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। খালেদা জিয়া বলেন, তিনি হিলারি ক্লিনটনকে যুক্তরাষ্ট্রের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান। জবাবে হিলারি হেসে বলেন, কোনো কিছুই ধারণার বাইরে নয়।শমসের মবিন সাংবাদিকদের জানান, সাক্ষাতে বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, বিরোধী দল দলন, হামলা-মামলা, গুম-হত্যা, জনগণের মৌলিক অধিকার হরণসহ সরকারের স্বৈরাচারী নীতি ও ভোটাধিকার কেড়ে নেওয়ার চিত্র তুলে ধরেন খালেদা জিয়া। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন খালেদা জিয়া।এর আগে রাত নয়টা ২০ মিনিটে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর বাসভবনে পৌঁছান হিলারি ক্লিনটন। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানসহ কয়েকজন নেতা তাঁকে স্বাগত জানান। খালেদা জিয়ার সঙ্গে হিলারি ক্লিনটনের এ সাক্ষাতের সময় মঈন খান, শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহম্মেদ এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা উপস্থিত ছিলেন।খালেদার বাসায় হিলারির সাক্ষাৎ উপলক্ষে ওই এলাকায় ছিল ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সেখানে ছিলেন।