বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়া পরিবার নিয়ে আওয়ামী লীগের মিথ্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া সৌদি আরবে অর্থ পাচার করেছেন এমনটা প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই একদলীয় কমিটি দিয়ে সংবিধান সংশোধন করেছে। অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ এভাবে সংবিধান সংশোধন নিয়ে জাতির সঙ্গে ও দেশের সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, এটি আওয়ামী লীগের কোন ধরনের সংসদীয় আচরণ ও শিষ্টাচার তা তাঁরা বুঝতে পারছেন না।প্রসঙ্গত, গতকাল সোমবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন, ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে খালেদা জিয়া বিশেষ বিমানে সৌদি আরবে বিপুল পরিমাণ অর্থসম্পদ পাচার করেছেন। সরকার সে বিষয়টি তদন্ত করে দেখছে। তিনি বলেন, সৌদি আরবে সে সময় কী কী সম্পদ পাচার করা হয়েছে, তা জাতি জানতে চায়। সে জন্য সরকার গোয়েন্দা সংস্থার মাধ্যমে এর তদন্ত করছে। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আজ এ কথা বলেন।