খালেদার আচরণে দুই দলের পার্থক্যের প্রমাণ হলো: দীপু মনি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাতের সময়সূচি নির্ধারণ করেও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দেখা না করাটা দুর্ভাগ্যজনক, অপ্রত্যাশিত ও শিষ্টাচারবহির্ভূত। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ মঙ্গলবার হোটেল রূপসী বাংলায় এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন।সংবাদ সম্মেলনে জামায়াত-শিবিরের চলমান তাণ্ডব, মানবতাবিরোধী অপরাধের রায়, শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনসহ নানা বিষয় নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।দীপু মনি বলেন, ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বিরোধীদলীয় নেতার দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার কথা ছিল। কিন্তু সাক্ষাত্কারটি বাতিল করাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি বলেন, ‘আমরা জেনেছি, ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্যসাক্ষাতের সময়সূচি তাঁর দল ভারতীয় হাইকমিশনের মাধ্যমে চূড়ান্ত করেছিল। বিদেশের অভ্যাগতরা দেশে সফরে এলে সরকারপ্রধান ও বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাত্ একটি নিয়মিত বিষয়। একজন বাঙালি হিসেবে বলব, অতিথিপরায়ণ জাতি হিসেবে আমরা গর্ববোধ করি। কাজেই এটি (প্রণবের সঙ্গে খালেদার দেখা না করা) বাঙালি সংস্কৃতি থেকে বিচ্যুতি।’

খালেদার আচরণে দুই দলের পার্থক্যের প্রমাণ

দীপু মনি বলেছেন, ‘এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হলো, সব দল আচরণগতভাবে একই রকমের গণতান্ত্রিক নয় এবং সব দল একইভাবে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করে না। এ দেশে জনগণ কখনো কখনো প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে তুলনা করতে চায়। বিরোধীদলীয় নেতার আচরণের মধ্য দিয়ে দুই দলের পার্থক্যের প্রমাণ হলো। এটি গণতান্ত্রিক আচরণের বিচ্যুতি। তবে আমরা বিশ্বাস করি, দুই দেশ এবং দুদেশের জনগণের সম্পর্কের ভিত্তি এত গভীরে প্রোথিত যে সেটি এ ধরনের বিচ্যুতির কারণে ক্ষতিগ্রস্ত হবে না।’

ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলার সুযোগ নেই

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিস্তা চুক্তি সই ও সীমান্ত প্রটোকল বাস্তবায়ন নিয়ে ভারতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে। অথচ সে দেশের বিরোধী দলগুলো এ দুটি বিষয়ের বিরোধিতা করছে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলার সুযোগ আমার নেই। ভারতের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সে দেশের কর্তৃপক্ষকেই বিষয়গুলোর সুরাহা করতে হবে। যেহেতু ভারতের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্ব এবং দেশের সর্বোচ্চ পদের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে, এ বিষয়গুলোর খুব শিগগিরই সুরাহা হবে। আমরা বিষয়টিকে এভাবেই দেখছি।’

কাদের মোল্লার রায়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি

শাহবাগের প্রজন্ম চত্বরের তরুণদের আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া রায়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাই তরুণরা আন্দোলন শুরু করে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা একটি রাজনৈতিক দল। আমরা যা কিছুই করি, যা বলি, ও যা ভাবি, তার মধ্যে রাজনীতি থাকে। রাজনীতি থেকে আলাদা থাকার সুযোগ আমাদের নেই। জনগণের আশা-আকাঙ্ক্ষার মধ্যেও রাজনীতি থাকে, তবে সেটা দলীয় রাজনীতি নয়। জনগণের সরকার হিসেবে জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে থাকাটাই আমাদের জন্য স্বাভাবিক। তাই শাহবাগের শান্তিপূর্ণ এ সমাবেশের প্রতি আমাদের উত্সাহ ও সমর্থন দুটোই রয়েছে।’

১৯৭১-এর মতো চলমান তত্পরতার মিল খুঁজে পাওয়া যায়

পররাষ্ট্রমন্ত্রী দেশজুড়ে চলমান সহিংসতার সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমরা এ ধরনের (শাহবাগের সমাবেশ) বিক্ষোভের সমর্থন করি। কারণ, প্রতিবাদের নামে কোনো কোনো মহল যারা সংখ্যায় শাহবাগের সমাবেশের নয়, দেশজুড়ে তাদের সহিংসতাকে সমর্থন করতে পারি না। এ মহলগুলো গুপ্ত হামলা চালাচ্ছে, রেললাইন উপড়ে ফেলছে, বিদ্যুেকন্দ্র পুড়িয়ে দিচ্ছে, সরকারি সম্পত্তি ও জনগণের জানমালের ক্ষতি করছে। এরা লোকজনকে হত্যা করছে, পুলিশের ওপর হামলা চালাচ্ছে—এটি প্রায় রাষ্ট্রের ওপর হামলার শামিল। আমরা লক্ষ করছি, ১৯৭১-এ যে ধরনের হামলা চালানো হতো, এসব তত্পরতার সঙ্গে তার মিল খুঁজে পাওয়া যায়।’ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে দীপু মনি বলেন, ‘ধর্মীয় সংখ্যালঘু এবং তাদের মন্দিরে যে ধরনের হামলা চলছে, তাতে দেশে ও দেশের বাইরে এটা স্পষ্ট যে একাত্তরে বাঙালি জনগণের ওপর যারা নিধনযজ্ঞ চালিয়েছিল, তাদের পূর্বসূরিরাই এখন এ হামলাগুলো চালাচ্ছে। তাদের কাছে সহিংসতাই একমাত্র পথ। তবে আমরা সহিংসতা যাতে না বাড়ে সে চেষ্টা করছি।’