প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের পূর্ব মুহূর্তে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া কেন আত্মগোপন করেছিলেন, তা পুনরায় খতিয়ে দেখা দরকার। গতকাল সোমবার সকালে গণভবনে কৃষক লীগের নেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। কৃষক লীগের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সংগঠনের সভাপতি ড. মির্জা আবদুল জলিল ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। খবর ইউএনবি ও বাসসের।প্রধানমন্ত্রী বলেন, পিলখানা হত্যাযজ্ঞের ঠিক আগ মুহূর্তে তিনি (খালেদা জিয়া) কেন বাড়ি ছেড়ে কালো গ্লাসের গাড়িতে চড়ে অন্য কোথাও গিয়ে আত্মগোপন করেছিলেন? পিলখানায় কী ঘটতে যাচ্ছে তা কি তিনি আগেই জানতেন?প্রধানমন্ত্রী বলেন, হত্যাযজ্ঞের আগ মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে তিনি (খালেদা) তিন দিন পর্যন্ত কোনো এক গোপন স্থানে লুকিয়ে ছিলেন। তিনি বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ করে বলেন, ‘তখন আপনি কোথায় ছিলেন? সেখানে (পিলখানায়) কী হতে যাচ্ছে তা আপনি আগেভাগেই জানলেন কেমন করে? আপনার মনে তখন কী ছিল?’বিডিআর হত্যাযজ্ঞ সম্পর্কে তিনি বলেন, ওই ঘটনার তদন্ত সঠিকপথেই এগোচ্ছে এবং ঘটনার দিন বিরোধীদলীয় নেত্রী কোথায় ছিলেন তা জানতে আবার তদন্ত হওয়া দরকার। প্রধানমন্ত্রী বলেন, তিনি সেদিন কোথায় এবং কেন আত্মগোপন করেছিলেন সে তথ্য সবার সামনে উন্মোচন হওয়া দরকার।দেশের কৃষি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি বিস্তারিতভাবে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের শাসনামলে সার পৌঁছে যায় কৃষকের কাছে এবং কৃষকদের কৃষি উপকরণ খোঁজার প্রয়োজন হয় না।বর্তমান বিদ্যুতের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচের জন্য সরকারকে গ্রামে প্রতিদিন এক হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে। এর ফলে নগরবাসী লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাচ্ছেন। শিগগিরই পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।শেখ হাসিনা বলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে হাজার হাজার কোটি টাকা জমিয়েছে।তিনি প্রতিদ্বন্দ্বী দল বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে প্রশ্ন করেন, এত অল্প সময়ে তারা কীভাবে টাকার পাহাড় জমিয়েছে? ভাঙা স্যুটকেস ও ছেঁড়া গেঞ্জি থেকে কীভাবে এত টাকা এল?তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবার কোটি কোটি কালো টাকা সাদা করেছে। তিনি প্রশ্ন করেন, তারা কীভাবে এত অর্থ আয় করেছে?প্রাকৃতিক দুর্যোগকালীন চাহিদা মেটাতে খাদ্যশস্য মজুদের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, সরকার ইতিমধ্যে খাদ্যশস্যের মজুদ বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, এ লক্ষ্যে সরকার আরও খাদ্যগুদাম নির্মাণের উদ্যোগ নিয়েছে।ক্ষমতাসীন আওয়ামী লীগকে কৃষকবান্ধব দল হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের কৃষকেরা কিছু পান। অন্যদিকে বিএনপির শাসনামলে সারের দাবিতে কৃষকদের মরতে হয়েছে। তিনি এ প্রসঙ্গে বিএনপির সরকারের আমলে ১৮ জন কৃষক নিহত হওয়ার কথা উল্লেখ করেন।