খালেদার আদালত অবমাননার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে বিচারাধীন অবস্থায় সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা আদালত অবমাননার শামিল—অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে। আবেদনটি উপস্থাপন করা হয়নি মর্মে আজ বুধবার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আপিল বিভাগ।গতকাল আবেদনটির শুনানি হওয়ার কথা থাকলেও শুনানি হয়নি, যদিও এটি আদালতের কার্যতালিকায় ১ নম্বরে ছিল। আজও এ বিষয়টি শুনানির জন্য কার্যতালিকার শীর্ষে ছিল।বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল (আপিল অনুমতির আবেদন) গত ২৯ নভেম্বর খারিজ করে দিয়েছিলেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে করা লিভ টু আপিল আবেদনের পাশাপাশি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা অথবা বাড়ির স্থাপনা অপরিবর্তিত রাখতে স্থিতাবস্থা চেয়ে করা আবেদনটিও খারিজ করে দিয়েছিলেন আদালত।আদালতের কার্যক্রম: আজ সকাল নয়টা ২৪ মিনিটে প্রধান বিচারপতি ও অপর দুই বিচারপতি এজলাসে আসেন। নয়টা ২৫ মিনিটে আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) আফতাব হোসেন বলেন, মামলার বিষয়ে মক্কেলের (খালেদা জিয়া) পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। তাই বিষয়টি উপস্থাপন করা হয়নি বলে বিবেচনার আরজি জানান তিনি। নয়টা ২৬ মিনিটে আদালত তা মঞ্জুর করেন।অ্যাটর্নি জেনারেলের বক্তব্য: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ‘খালেদা জিয়ার আইনজীবী মামলাটি না চালানোর জন্য বলেছেন। আদালতে বিষয়টি উপস্থাপন করা হয়নি বলে আদালত আবেদনটি খারিজ করে দিয়েছেন।’ সেনানিবাসের বাড়ির স্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন ভূসম্পত্তি অধিদপ্তর ও সামরিক বাহিনী তাদের প্রয়োজনে এ বাড়িটির যেকোনো ধরনের পরিবর্তন, পরিবর্ধন ও নতুন কাঠামো দিতে পারবে।’খালেদার আইনজীবীর বক্তব্য: খালেদা জিয়ার আইনজীবী রফিক উল হক বলেছেন, ‘খালেদা জিয়ার করা আদালত অবমাননার একটি আবেদন শুনানির জন্য ছিল। আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) জানিয়েছেন, তাঁর কাছে এ ব্যাপারে কোনো নির্দেশনা নেই। না চালানোর জন্য আবেদনটি খারিজ করা হয়েছে।’ সেনানিবাসের ওই বাড়িটির স্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, এ বাড়িটির যেকোনো ধরনের পরিবর্তন, পরিবর্ধন ও নতুন কাঠামো দেওয়ায় বাধা নেই। মামলার ভবিষ্যত্ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সরকার পরিবর্তন হলে সবকিছুই হতে পারে। এখন তো ভূরি ভূরি মামলা প্রত্যাহার হচ্ছে। তবে আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত।’ফিরে দেখা: ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর একই বছরের ১২ জুন শহীদ মঈনুল সড়কের বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাড়িটির ইজারা বাতিল করা হয়। এরপর বাড়ি খালি করার নোটিশ দেওয়া হলে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ১৩ অক্টোবর তাঁর রিট আবেদনটি খারিজ করেন। রায়ে তাঁকে বাড়ি খালি করতে কমপক্ষে ৩০ দিন সময় দিতে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল বিভাগে লিভ টু আপিল করেন ৮ নভেম্বর। পরের দিন চেম্বার বিচারপতি বিষয়টি ১০ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। ওই দিন খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি মুলতবির আবেদন জানালে আদালত ২৯ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। শুনানি শেষে ২৯ নভেম্বর আবেদনটি খারিজ করে দেওয়া হয়। তবে বাড়ি ছাড়ার জন্য দেওয়া ৩০ দিনের সময়সীমা ১২ নভেম্বর শেষ হয়। পরের দিন খালেদা জিয়াকে সেনানিবাসের ওই বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়।খালেদার মামলা: ২৩ নভেম্বর খালেদা জিয়া বর্তমান সরকারের তিন সচিবসহ আট কর্মকর্তার বিরুদ্ধে আপিল বিভাগে আদালত অবমাননার আবেদন করেন। লিভ টু আপিল বিচারাধীন অবস্থায় তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করা আদালত অবমাননার শামিল, এমন অভিযোগে আবেদনটি করা হয়। এতে প্রতিরক্ষাসচিব খন্দকার আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব মো. আবদুল আজিজ, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, সামরিক ভূসম্পত্তি অধিদপ্তরের পরিচালক মোর্তুজা আহমেদ, উপপরিচালক শফিকুল আহমেদ, মিলিটারি এস্টেট অফিসার এস এম এমদাদুল হক, ঢাকা সেনানিবাস বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল তানভির হাসান মজুমদার এবং আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহীনুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানানো হয়। ২৩ নভেম্বর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা আবেদনটি ২৯ নভেম্বর শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ওই দিন আবেদনটির শুনানি গতকাল পর্যন্ত মুলতবি করা হয়। তবে গতকাল আদালত না বসায় শুনানি হয়নি। আজ শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেওয়া হয়।মামলায় অভিযোগ: আদালত অবমাননার আবেদনে বলা হয়, ১৩ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খালেদা জিয়ার শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এর আগে বাসার টেলিফোন ও ডিশের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বেলা তিনটার দিকে তাঁকে অমানবিকভাবে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সৈয়দ সালেহ আজম বনাম গণপূর্ত মামলার উদাহরণ টেনে আবেদনে বলা হয়, আদালতের এখতিয়ারাধীন বিষয়ে সরকার যদি কোনো পদক্ষেপ নেয়, তা ক্ষমার অযোগ্য অপরাধ।