খালেদার আদালত অবমাননার মামলা, শুনানি ২৯ নভেম্বর
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার আপিল বিভাগে আদালত অবমাননার মামলা করেছেন। লিভ টু আপিলে বিচারাধীন থাকা অবস্থায় তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করা আদালত অবমাননার শামিল দাবি করে আবেদনটি করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে। আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা আজ দুপুরে শুনানির এ দিন ধার্য করেন।শুনানিতে অংশ নিয়ে খালেদার আইনজীবী মওদুদ আহমদ বাড়ি নিয়ে রিট, রায় ও উচ্ছেদের বর্ণনা দিয়ে বলেন, ‘লিভ টু আপিলে বিচারাধীন থাকা অবস্থায় বাড়ি থেকে উচ্ছেদ আদালত অবমাননার শামিল।’ তিনি এ বিষয়ে শুনানির দিন ধার্য করার আবেদন জানান। আদালত পরে ২৯ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। মামলায় প্রতিরক্ষা সচিব খন্দকার আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, সামরিক ভূ-সম্পত্তি অধিদপ্তরের পরিচালক মর্তুজা আহমদ, উপপরিচালক শফিকুল আহমেদ, সামরিক ভূ-সম্পত্তি কর্মকর্তা এস এম ইমদাদুল হক, সেনানিবাস বোর্ডের চেয়ারম্যান তানভীর হাসান মজুমদার, আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক শাহীনূল ইসলামকে বিবাদী করা হয়েছে। একই সঙ্গে আদালত অবমামনার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারির আরজি করা হয়েছে। মামলা দায়েরের পর খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেছিলেন, লিভ টু আপিলটি ২৯ নভেম্বর শুনানির জন্য রয়েছে। এ অবস্থায় তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করা আদালত অবমাননার শামিল। আদালত অবমাননার আবেদনে বলা হয়, গত ১৩ নভেম্বর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা খালেদা জিয়ার শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এর আগে বাসার টেলিফোন ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিকেল তিনটার দিকে তাঁকে অমানবিকভাবে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সৈয়দ সালেহ আজম বনাম গণপূর্ত মামলার উদাহরণ টেনে আবেদনে বলা হয়, আদালতের এখতিয়ারাধীন বিষয়ে সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তা ক্ষমার অযোগ্য অপরাধ। প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর একই বছরের ১২ জুন ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাড়িটির ইজারা বাতিল করা হয়। এরপর বাড়ি খালি করার নোটিশ দেওয়া হলে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিট খারিজ করে দেন এবং বাড়ি খালি করার জন্য খালেদা জিয়াকে ৩০ দিন সময় দিতে বলেন। এই ৩০ দিনের সময়সীমা গত ১২ নভেম্বর শেষ হয়। অবশ্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন আপিল আবেদন করেছেন। তার শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি রয়েছে।এ অবস্থায় গত ১৩ নভেম্বর খালেদা জিয়া বাড়ি ছাড়েন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছিল, খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়ি ছেড়ে দিয়ে আদালতের রায় বাস্তবায়নে সহযোগিতা করেছেন। বাড়ি থেকে বের হয়ে তাঁর গুলশানের কার্যালয়ে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘বাড়ির বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় নজিরবিহীনভাবে আমাকে উচ্ছেদ করা হয়েছে।’এ ছাড়া বাড়ি ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। ক্ষুব্ধ নেতা-কর্মীরা রাজধানীতে ১৬টি গাড়িতে আগুন এবং ৩০টি গাড়ি ভাঙচুর করেন। পুলিশের লাঠিপেটায় আহত হন অনেক নেতা-কর্মী এবং ২১ জনকে আটক করা হয়। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে বিএনপি পরের দিন ১৪ নভেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।