খালেদার আপিল অনুমতি ও স্থিতাবস্থার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনানিবাসের বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল (আপিল অনুমতির আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আইনের ভাষায়, ‘উপস্থাপন করা হয়নি (নট প্রেস)’ বিবেচনায় গতকাল সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে করা লিভ টু আপিল আবেদনের পাশাপাশি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা অথবা বাড়ির স্থাপনা অপরিবর্তিত রাখতে স্থিতাবস্থা চেয়ে করা আবেদনটিও খারিজ করেছেন আদালত। তবে বিরোধীদলীয় নেত্রীর করা আদালত অবমাননার আবেদনের শুনানি আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আদালতের আজকের কার্যতালিকায় এক নম্বরে এ আবেদন শুনানির জন্য রয়েছে।আদেশের পর বিএনপির সমর্থক আইনজীবীরা বিক্ষোভ করেন। তাঁরা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন। সরকার-সমর্থকেরা আদেশকে স্বাগত জানিয়ে মিছিল করেন।আদেশ শেষে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম বলেছেন, আদালতের বারবার নির্দেশ সত্ত্বেও খালেদা জিয়ার আইনজীবীরা লিভ টু আপিল আবেদনের শুনানি করেননি। সেই বিবেচনায় আদালত লিভ টু আপিল আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।খালেদা জিয়ার আইনজীবী টি এইচ খান বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মামলা। আমরা নট প্রেস (উপস্থাপন হয়নি বলে ধরে নেওয়া) চাইনি। তবু কোর্ট নট প্রেস করেছেন। আমি আদালত অবমাননার আবেদন শুনানি করতে চেয়েছিলাম, সময় চেয়েছিলাম; আদালত রাজি হননি।’রাতে যোগাযোগ করা হলে খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, ‘বিএনপির চেয়ারপারসন মামলা চালাবেন না, এমনটি বলেননি। শুনানি মুলতবি চেয়েছিলেন। কিন্তু আপিল বিভাগ আবেদন খারিজ করে দিয়েছেন।’ মাহবুবউদ্দিনের মতে, ‘মামলাটি আবার সচল করার সুযোগ থাকতে পারে। তবে আদেশের অনুলিপি পাওয়ার পর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।’গতকাল আপিল বিভাগের কার্যতালিকায় লিভ টু আপিল শুনানির জন্য তিন নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে। সঙ্গে ছিল হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের আবেদন। একই ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল পূর্বের অবস্থায় বাড়ি ফিরিয়ে দিতে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা অথবা বাড়ির স্থাপনা যেভাবে রয়েছে, সেভাবে রাখতে স্থিতাবস্থার আবেদন ও আদালত অবমাননার আবেদনটি।গতকাল বিচারপতি এ বি এম খায়রুল হকসহ অপর দুই বিচারপতি এজলাসে আসার পর নয়টা ৩৫ মিনিটে খালেদা জিয়ার আবেদনটি শুনানির জন্য আসে। শুরুতেই খালেদা জিয়ার আইনজীবী টি এইচ খান আদালত অবমাননার আবেদনের ওপর শুনানি গ্রহণের আরজি জানান। আদালত লিভ টু আপিলের ওপর শুনানি করতে বলেন। এ নিয়ে আদালতের সঙ্গে আইনজীবীদের প্রায় দেড় ঘণ্টা ধরে আলোচনা চলে।শুনানি নিয়ে ৯০ মিনিট: খালেদা জিয়ার আইনজীবী টি এইচ খান বলেন, ‘আদালতের মর্যাদা রক্ষার জন্য আমি প্রথমে আদালত অবমাননার আবেদনের ওপর শুনানি করতে চাই। আদালত বলেন, “আমরা সবগুলো আবেদনই শুনব। লিভ টু আপিল তালিকার প্রথমে রয়েছে। এটার ওপর প্রথমে শুনানি করুন”।’টি এইচ খান ‘ন্যায়বিচার করলেই হবে না, ন্যায়বিচার করা হয়েছে, তা দেখাতে হবে’—এই বচন উদ্ধৃত করে লিভ টু আপিল শুনানি মুলতবি করতে বলেন। আদালত তা আমলে নেননি।এরপর খালেদা জিয়ার অপর কৌঁসুলি রফিক-উল হক বলেন, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু সময়ের জন্য আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হোক। উপস্থিত কিছু আইনজীবী এ সময় ‘ইয়েস, ইয়েস’ বলে আওয়াজ তোলেন।এ সময় রফিক-উল হকের উদ্দেশে আদালত বলেন, ‘আমরা আপনার ছাত্র। আপনার স্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে আপনার বিদেশে থাকার দিক বিবেচনা করে গত ১০ নভেম্বর শুনানি মুলতবি করা হয়েছিল। আবার শুনানি মুলতবি করা ঠিক হবে না। সবগুলো আবেদনই আমরা শুনব। আইনে একজন আইনজীবীর বক্তব্য শোনার বিধান রয়েছে। তার পরও আপনার (টি এইচ খান ছাড়াও) বক্তব্য গ্রহণ করা হবে।’এই পর্যায়ে আদালত টি এইচ খানকে ডায়াসে এসে লিভ টু আপিলের ওপর বক্তব্য শুরু করতে বলেন। কিন্তু টি এইচ খান আবার সময়ের আরজি জানালে আদালত বলেন, ‘আপনাকে আগে আমরা সময় দিয়েছিলাম। এখন সবাই উপস্থিত আছেন। শুনানি শুরু করুন।’এই পর্যায়ে টি এইচ খান মওদুদ আহমদকে শুনানি করার সুযোগ দেওয়ার জন্য আদালতকে বলেন। মওদুদ আহমদ উঠে দাঁড়ালে আদালত তাঁকে বসতে বলেন। তখন এজলাসকক্ষে বিএনপিপন্থী আইনজীবীরা হইচই করে ওঠেন। সরকার-সমর্থক আইনজীবীরাও প্রতিবাদ জানাতে দাঁড়িয়ে যান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলমের হস্তক্ষেপে উভয় পক্ষ শান্ত হয়। আদালত হট্টগোলকারী এক আইনজীবীকে সামনে আসতে বলেন। এতে বিএনপি-সমর্থক আইনজীবীরা আবার হইচই করে ওঠেন।টিএইচ খান এই পর্যায়ে আবার লিভ টু আপিলের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আরজি জানান। আদালত বলেন, ‘শুনানি করতে এসে মামলা কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানাবেন, এটা কখনো শুনিনি।’টি এইচ খান ডায়াসে দাঁড়ানো অবস্থায় জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম সেখানে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন।আদালত পুনরায় লিভ টু আপিলের ওপর শুনানির জন্য তাগাদা দিলে টি এইচ খান বলেন, ‘হাইকোর্ট বাড়ি ছাড়ার জন্য ৩০ দিন সময় দিলেন। ১০ নভেম্বর আপিল বিভাগ আদেশে বললেন, আমি স্থগিতাদেশ চাইনি। আল্লাহ বিচার করবেন। আমি কাঁপছি। হকারের মতো হকিং করে স্টে চাইতে হয় না। পরকালে বিশ্বাস করলে নিজের মনকে জিজ্ঞাসা করুন, স্টে চেয়েছিলাম কি না। এরপর অনেক কিছু ঘটে গেছে। তার বর্ণনা আদালত অবমাননার আবেদনে আছে। ঘটনাগুলো পড়লে আপনাদের মন নরম হতে পারত। এটার ওপর শুনানি গ্রহণ করুন। তারপর যা আদেশ দেওয়ার দেবেন। শুনতে চান না কেন?’আদালত বলেন, ‘আপনাকে শুনতে চাই।’ টি এইচ খান বলেন, ‘কার কাছে বিচার চাইব?’ আদালত বলেন, ‘১০ নভেম্বর প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে বলেছিলেন, তাঁরা স্টে চাচ্ছেন না। আপনি আপত্তি করছেন কেন?’ টিএইচ খান বলেন, ‘আমি আর বলতে চাই না। যা হওয়ার হয়ে গেছে। অতি উৎসাহী হয়ে ৩০ দিন সময় দেওয়ার বিষয়টি আমাদের ভীতসন্ত্রস্ত করেছে। হাইকোর্টের আদেশ স্থগিত করা দরকার, আগেই বলেছি। আমরা বিচার পাচ্ছি না, বিচার পাচ্ছি না, বিচার পাচ্ছি না।’এই পর্যায়ে টি এইচ খান পুনরায় আদালত অবমাননার আবেদনের ওপর শুনানি করার কথা বললে আদালত বলেন, ‘আমরা লিভ টু আপিল আবেদন শুনতে চাই।’পুনরায় টি এইচ খান মওদুদ আহমদকে শুনানি করার সুযোগ দেওয়ার আরজি জানালে আদালত টি এইচ খানের উদ্দেশে বলেন, ‘আপনি সবচেয়ে জ্যেষ্ঠ আইনজীবী। আপনি শুরু করবেন। মওদুদ আহমদ পরে সুযোগ পাবেন।’ টিএইচ খান বলেন, ‘কয়েক মিনিট সময় দিলে আমরা চিন্তাভাবনা করতে পারি।’ আদালত বলেন, ‘চিন্তাভাবনা তো করেই এসেছেন।’এই পর্যায়ে রফিক-উল হক বলেন, উত্তেজনাকর এ অবস্থায় মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হোক। আদালত বলেন, ১০ নভেম্বর বলা হলো তাঁরা (খালেদা জিয়ার আইনজীবীরা) স্টে চাননি। আপনারা (সরকারপক্ষ) কেন আপত্তি করছেন? জবাবে টি এইচ খান বলেন, ‘ইট ইজ নট জোক? এটি কমন সেন্সের ব্যাপার।’ জবাবে আদালত বলেন, আদালত কমন সেন্স দিয়ে চলে না। চলে আইন দিয়ে। আদালত আপিল বিভাগের বিধির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।এই পর্যায়ে রফিক-উল হক এক সপ্তাহ শুনানি মুলতবির আবেদন জানিয়ে বলেন, ‘আমরা আদালত অবমাননার আবেদনের শুনানির জন্য প্রস্তুত ছিলাম। লিভ টু আপিল আবেদন শুনানির জন্য প্রস্তুত নই।’ আদালত বলেন, ‘আমরা সব আবেদন শুনব। একটা আবেদন শুনানি করা যাবে, অন্যটা করা যাবে না—এটা কোন ধরনের বক্তব্য?’রফিক-উল হক আদালতের বাইরের (রাজনৈতিক) অবস্থার প্রতি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আদালত বলেন, ‘আদালতের বাইরে কী হচ্ছে, তা নিয়ে আমরা চিন্তিত নই।’ তখন টি এইচ খান ও রফিক-উল হক একসঙ্গে খালেদা জিয়ার নির্দেশনার জন্য আবার শুনানি মুলতবির আবেদন জানান। টি এইচ খান বলেন, এটা ভাড়ি ভাড়ার মামলা নয়। ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মামলা।আদালত এই পর্যায়ে বলেন, ‘আপনারা আদালতকে কার্যকর করতে দিন। লিভ টু আপিল আবেদনের ওপর শুনানি শুরু করুন।’ টি এইচ খান বলেন, লিভ টু আপিল খারিজ হলে আদালত অবমাননার আবেদন থাকবে না। আদালত বলেন, ‘আমরা সব আবেদন শুনব।’ টিএইচ খান বলেন, ঘাড় থেকে মাথা চলে গেলে অন্য অঙ্গপ্রত্যঙ্গের চিকিৎসা করে লাভ কী? আপনারা যেভাবে বলছেন, মনে হচ্ছে টাগ অব ওয়ারে (রশি টানাটানিতে) আছি।’ আদালত বলেন, ‘আমরা কোনো ওয়ারে নেই, ভয় পাওয়ার কিছু নেই। এই বয়সে কেন এত জেদ ধরছেন?’ আদালত আরও বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালত ৯০ মিনিট অপেক্ষা করেছেন। আইন তার নিজের গতিতে চলবে। আপনি শুনানি না করলে আমরা আদেশ দিতে বাধ্য হব।’টি এইচ খান বলেন, ‘আপনারা লিভ টু আপিল আবেদন আগে শুনানি করার মনোভাব থেকে সরে আসুন। আমরা বিচারপ্রার্থী।’ এরপর আদালত আদেশ দেন। ঘড়িতে তখন বেলা ১১টা।আদালতের আদেশ: প্রায় ১০ মিনিট ধরে আদেশ পড়ে শোনান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আদেশে বলা হয়, ৯০ মিনিট ধরে আদালতের বারবার তাগাদা সত্ত্বেও আবেদনকারী (খালেদা জিয়ার কৌঁসুলি) লিভ টু আপিল আবেদনের ওপর শুনানি করেননি। আদালত বলেন, ‘গত ১০ নভেম্বর টি এইচ খানের মুলতবি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (সোমবার) বিষয়টি শুনানির জন্য নির্ধারিত ছিল। লিভ টু আপিল আবেদন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা ও আদালত অবমাননার আবেদন তিন নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত হয়। টি এইচ খান শুনানির শুরুতেই আদালত অবমাননার আবেদনের ওপর প্রথম শুনানি গ্রহণের আরজি জানান। যেহেতু লিভ টু আপিল আবেদন সোমবার (২৯ নভেম্বর) শুনানির জন্য নির্ধারিত এবং অন্য আবেদনগুলো ওই আবেদন থেকে উদ্ভূত, তাই লিভ টু আপিল আবেদনের ওপর প্রথম শুনানি হবে। এরপর অন্য আবেদনের ওপর শুনানি হবে। কিন্তু টি এইচ খান বারবার আদালত অবমাননার আবেদন প্রথমে শুনানির কথা বলেন। যদিও সোমবার প্রকৃতপক্ষে লিভ টু আপিল শুনানির জন্য নির্ধারিত। আমরা তাঁকে আশ্বস্ত করেছি, সব বিষয়ই একের পর এক শুনানি ও নিষ্পত্তি করা হবে। এও আশ্বস্ত করেছি, রফিক-উল হক ও মওদুদ আহমদকে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হবে। টি এইচ খান সবচেয়ে জ্যেষ্ঠ আইনজীবী হওয়ায় তিনিই প্রথম শুনানি করবেন। এটা আদালতের শত বছরের রেওয়াজ।’আদেশে আরও বলা হয়, ‘একপর্যায়ে তিনি (টি এইচ খান) প্রথমে লিভ টু আপিল আবেদনের শুনানি মুলতবির প্রার্থনা করেন। তারপর বলেন, তার মক্কেলের (খালেদা জিয়া) কাছ থেকে নির্দেশনার প্রয়োজন। ১০ নভেম্বর টি এইচ খান বলেছিলেন, তিনি অসুস্থ বোধ করছেন। হাইকোর্টে রফিক-উল হক ও মওদুদ আহমদ তাঁকে সহায়তা করেছেন। রফিক-উল হক বিদেশে থাকায় ওই দিন তিনি শুনানি মুলতবির আবেদন করলে শুনানি মুলতবি করা হয়।’আদালত বলেন, ‘আমরা জ্যেষ্ঠ এই আইনজীবীকে ৯০ মিনিট বারবার লিভ টু আপিল উপস্থাপন করতে বলেছি। কিন্তু তিনি আবেদন উপস্থাপন করতে অস্বীকৃতি জানান। তাঁকে আশ্বস্ত করে বলেছি, আইন তার নিজস্ব গতিতে চলবে। সব আবেদনের শুনানি ও নিষ্পত্তি করা হবে। কিন্তু তিনি শুনানি না করে ৯০ মিনিট সময় নিয়েছেন। তাই লিভ টু আপিল ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করা হলো।’আদালত অবমাননা: দুপুরের বিরতির পর আপিল বিভাগ আবার বসেন। কিন্তু তখন খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকক্ষে ছিলেন না। সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন। সোয়া ১২টায় আপিল বিভাগ আদালত অবমাননার আবেদনের শুনানি আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন।রাতে যোগাযোগ করা হলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, আদালত অবমানার আবেদনটি মঙ্গলবার (আজ) শুনানির জন্য এক নম্বর ক্রমিকে রয়েছে।দুই পক্ষের বক্তব্য: আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ৯০ মিনিট ধরে বারবার আদালত বললেও খালেদা জিয়ার আইনজীবীরা লিভ টু আপিল আবেদনের ওপর শুনানি করেননি। সেই বিবেচনায় আদালত লিভ টু আপিল আবেদন ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। স্থগিতাদেশ চেয়ে করা আবেদনটিও খারিজ হয়ে গেছে। একটি মামলা দায়ের করে শুনানি না করে ৯০ মিনিট সময়ক্ষেপণ করা নজিরবিহীন বলে মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে মাহ্বুবে আলম বলেন, আবেদনের সারবত্তা নেই বলেই হয়তো তাঁরা শুনানি করেননি। বিষয়টিকে রাজনৈতিক ইস্যু করার জন্য তাঁরা এটি করেছেন বলেও মন্তব্য করেন তিনি।আদালতকক্ষে আইনজীবীদের হট্টগোল প্রসঙ্গে মাহ্বুবে আলম বলেন, কিছু আইনজীবী আছেন, যাঁরা আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী নন। তাঁরা এ ধরনের আচরণ করেছেন। এটা অনভিপ্রেত। এতে আদালতের শিষ্টাচার ভঙ্গ হয়েছে।খালেদা জিয়ার আইনজীবী টি এইচ খান বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মামলা। খালেদা জিয়াকে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে তাঁকে অপমান করার জন্য। বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন ছিল। এ উচ্ছেদের মাধ্যমে সর্বোচ্চ আদালতকে অপমান করা হয়েছে। আমি আদালত অবমাননার আবেদন শুনানি করতে চেয়েছিলাম। কিন্তু আদালত বললেন লিভের শুনানি করতে। আমরা সাত দিন এবং আজ চা-বিরতি পর্যন্ত সময় চেয়েছিলাম। সেই সময়ও দেওয়া হয়নি।’মওদুদ আহমদ বলেন, ‘আমাদের জ্যেষ্ঠ আইনজীবীরা সময় চেয়েছিলেন। সময় দেওয়ার রেওয়াজ আছে, কিন্তু আদালত সময় দেননি। আমাদের না শুনেই আদালত আবেদন খারিজ করেছেন। এটি নজিরবিহীন।’বিক্ষোভ: আদেশের পর এজলাস থেকে বেরিয়ে বিএনপি-সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন। সরকার-সমর্থক আইনজীবীরা আদেশের পক্ষে সমিতি ভবনে এসে স্লোগান দেন।দুপুরে সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে প্রতিবাদ সভা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সভা থেকে আজ সকালে আইনজীবীদের আদালতে হাজির হয়ে হরতাল সফল করার আহ্বান জানানো হয়।অন্যদিকে হরতাল ও আপিল বিভাগের বিএনপি-সমর্থক আইনজীবীদের হট্টগোলের প্রতিবাদে সরকার-সমর্থক আইনজীবীরা উত্তর হলে সাংবাদিকদের ব্রিফ করেন।নিরাপত্তা: গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সুপ্রিম কোর্টের দুটি ফটকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার ছিল। পরিচয়পত্র দেখে আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ও সংশ্লিষ্ট ক্ষেত্রের সাংবাদিক ছাড়া অন্যদের ঢুকতে দেওয়া হয়নি। ফটক দুটিতে র্যাব-পুলিশ তল্লাশি চালায়। সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আদালত সীমানার আশপাশে অবস্থান নেন।