বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আবেদন বাতিলের ফলে বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম চলতে বাধা নেই বলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলো অনলাইনকে জানান ।আজ বুধবার বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বেলা দুইটা থেকে ঘণ্টাব্যাপী এ রায় ঘোষণা করেন। রায়ের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষের আইনজীবী আনিসুল হক প্রথম আলো অনলাইনকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা থেকে অব্যাহতির জন্য বেগম খালেদা জিয়া আবেদন করেছিলেন। হাইকোর্ট তা খারিজ করে দিয়েছেন। তাই অবিলম্বে বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম শুরু হবে। আইন অনুসারে তাঁকে উপস্থিত হতে হবে। পরে অভিযোগ গঠন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রুল জারির পর প্রায় দুই বছর বিচার কার্যক্রম স্থগিত ছিল। খালেদা জিয়ার আইনজীবী মাহাবুবউদ্দিন খোকন প্রথম আলো অনলাইনকে বলেন, প্রাথমিকভাবে আপিলের নির্দেশনা রয়েছে। তবে রায়ের অনুলিপি পাওয়ার পর আপিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল এ মামলা বাতিলের প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়।আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী রফিক-উল হক, মওদুদ আহমদ ও মাহবুবউদ্দিন খোকন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আনিসুল হক ও খুরশীদ আলম খান। ২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়া, তারেক রহমানসহ সাতজনের বিরুদ্ধে রমনা থানায় এ মামলাটি করে দুদক। মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। রুলটি চূড়ান্ত শুনানির জন্য বিচারপতি বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ছিল। এ আদালতে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করে আবেদন করলে ৩০ নভেম্বর তা খারিজ হয়। এ আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল বিভাগে আবেদন করেন। গত মঙ্গলবার আপিল বিভাগ আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন।