খালেদার আবেদনে অভিযোগ গঠন আবার পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার আবেদনের কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ এ কে এম নাসিরউদ্দিন আগামী ১৫ সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।খালেদা জিয়া রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় হাজির হতে পারবেন না বলে সময়ের আবেদন জানান। এর আগে গত ২০ মার্চ, ৩ মার্চ ও ২৭ জানুয়ারি খালেদা জিয়ার পক্ষে সময়ের জন্য আবেদন করা হলে শুনানি পেছানো হয়। মামলার অন্য আসামিদের মধ্যে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আইনজীবী হাজিরা দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৮ সালের ৩ জুলাই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সাতজনকে আসামি করে রমনা থানায় মামলাটি দায়ের করে। এতে অভিযোগ করা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের ব্যাংক হিসাব থেকে এতিম তহবিলের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ভুয়া এফডিআর করে পরে ব্যাংক থেকে তুলে আত্মসাৎ করেছেন। এ ছাড়া ট্রাস্টের কোনো অস্তিত্ব নির্ধারিত ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি।