জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিলের জন্য খালেদা জিয়ার আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। কাল বুধবার এ বিষয়ে রায় দেওয়া হবে। আজ মঙ্গলবার বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে রায়ের এই দিন ধার্য করেন।আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী রফিক-উল হক, মওদুদ আহমদ, মাহবুবউদ্দিন শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আনিসুল হক ও খুরশিদ আলম খান। আদালতে খালেদার কৌঁসুলিরা বলেন, মামলা দায়েরের যথাযথ অনুমোদন ছিল না। রাষ্ট্রপক্ষে বলা হয়, মামলা দায়েরের অনুমোদন যথাযথ ছিল।আপিল বিভাগ গতকাল সোমবার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিলের আবেদন ১৫ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। এ সময়ে কোনো ধরনের মুলতবির আবেদন না করতেও বলা হয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ ওই আদেশ দেন।এর আগে ২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়া, তারেক রহমানসহ সাতজনের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক। মামলাটি বাতিলে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। ওই রুল বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রয়েছে।ওই আদালতে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে খালেদা জিয়া আবেদন করলে ৩০ নভেম্বর তা খারিজ হয়ে যায়। খালেদা জিয়া এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ৯ ডিসেম্বর বিষয়টি ১১ ডিসেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। গতকাল আবেদনের ওপর শুনানি হয়। আদালত আবেদনটি নিষ্পত্তি করে দিয়ে এ আদেশ দেন।