খালেদার আলটিমেটামে বিচলিত নয় ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ৪৮ ঘণ্টার আলটিমেটামের প্রতিবাদ ও তাঁর বক্তব্যকে মিথ্যাচার বলে উল্লেখ করে আগামীকাল রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ করবে ছাত্র সংগ্রাম পরিষদ। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান ও ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু আজ শনিবার রাতে প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তাঁরা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), বাংলাদেশ ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র ঐক্য ও বাংলাদেশ ছাত্র সমিতির নেতা-কর্মীরা এই সমাবেশে অংশ নেবেন।ছাত্রলীগের এক বিবৃতিতে বলা হয়েছে, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার মিথ্যাচার, কুরুচিপূর্ণ, দায়িত্বজ্ঞানহীন ও দেশদ্র্রোহী বক্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এতে বলা হয়, খালেদা জিয়া ১৮ দলের সমাবেশের নামে জাতির উদ্দেশে সম্পূর্ণ মিথ্যাচার, কুরুচিপূর্ণ, দায়িত্বজ্ঞানহীন ও দেশদ্রোহী বক্তব্য দিয়েছেন।এদিকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেছেন, খালেদা জিয়া দেশ ও দেশের জনগণের কথা না ভেবে সংলাপকে উপেক্ষা করে নামে-বেনামে বিভিন্ন জঙ্গি সংগঠন দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চান। তাঁরা বলেন, ‘সোনালী ব্যাংকের টাকা ছাত্রলীগ নিয়ে গেছে বলে খালেদা জিয়া যে কথা বলেছেন, সেটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। কারণ বাংলাদেশ ছাত্রলীগের কোনো পর্যায়ের নেতা বা কর্মী সোনালী ব্যাংকের কোনো ঘটনার সাথে জড়িত নয়।’ বিবৃতিতে বলা হয়, ‘বেগম খালেদা জিয়া সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে দেশকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, তাতে বাংলাদেশ ছাত্রলীগ বিচলিত নয়।’