খালেদার আশপাশে অনেক ‘নাস্তিক’ আছে: হাছান মাহমুদ
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কে নাস্তিক আর কে আস্তিক, তা বলার অধিকার রাখেন না। তাঁর আশপাশে প্রকৃত নাস্তিকদের তিনি দেখতে পাচ্ছেন না। যাঁরা তাঁর বক্তৃতা-বিবৃতি লিখে দেন, তাঁদের মধ্যেই প্রকৃতপক্ষে অনেক নাস্তিক রয়েছে, যাঁদের সঙ্গে তিনি আহার-বিহার করে থাকেন।আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এসব কথা বলেন। সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।হাছান মাহমুদ বলেন, প্রকৃত নাস্তিক বাদ দিয়ে আজ যাঁরা রাজাকারের বিচার চাইছেন, তাঁদের সমানে তিনি নাস্তিক বলে যাচ্ছেন। যে মানুষ কোনো দিন সূর্যোদয় আর ফজরের আজান কখন হয় দেখেন কি না অনেকের সন্দেহ, তিনি রাজনৈতিক ফায়দা লোটার জন্য শিষ্টাচারবিবর্জিত আচরণ করেই চলেছেন।গতকাল শনিবার অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হেফাজতে ইসলাম মোটামুটি শান্তিপূর্ণ সমাবেশ করেছে। এ জন্য হেফাজতে ইসলামকে ধন্যবাদ। তবে হেফাজতের সমাবেশে ঢুকে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টির যে পরিকল্পনা করেছিল, তা বাস্তবায়ন করতে না পারায় তারা হতাশ হয়েছে। হেফাজতকে সমাবেশ করতে দিয়ে সরকার আর একবার প্রমাণ করেছে, এই সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। মন্ত্রী বলেন, হেফাজতের দাবি অনুযায়ী সরকার ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে। পাঠ্যবইয়ের ভুল-ত্রুটি সংশোধন করা হয়েছে। টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ ব্লগে মহানবী (সা.) সহ মুসলিমের বিরুদ্ধে কটূক্তি করেছে কি না, সে বিষয়ে তদন্ত করার জন্য কমিটি গঠন করা হয়েছে। এতে দুজন আলেমকেও সম্পৃক্ত করা হয়েছে। কোরআন বা মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর উক্তি করলে আইনগতভাবে কী শাস্তি হতে পারে, সে বিষয়ে প্রচলিত আইন সম্পর্কে ইতিমধ্যে অবহিত করা হয়েছে এবং পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি-জামায়াতের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্য সম্পর্কে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদের সহিংসতার জন্য গতকাল চট্টগ্রামের ইজিবাইকচালক মুসা মারা গেছেন। গত ২৭ মার্চ চট্টগ্রামে তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছিল জামায়াত-শিবির। তিনি বলেন, রাজনীতি জনগণকে জিম্মি করার জন্য নয়, কিন্তু বিরোধী দল তা-ই করছে।হেফাজতের ১৩ দফার প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘যে কেউ সরকারের কাছে তাদের দাবি জানাতে পারে। তাদের যৌক্তিক দাবিগুলো সম্পর্কে সরকার বিচার বিবেচনা করে দেখছে। তবে আমরা মহান মুক্তিযুদ্ধের অর্জনকে নস্যাৎ হতে দিতে পারি না।’