বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের পরিকল্পনাকারী হিসেবে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ ওরফে পবনকে চিহ্নিত করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এ কে এম শহিদুল হক গতকাল রোববার সংবাদ সম্মেলনে এ কথা জানান।পুলিশ কমিশনার বলেন, ওই ঘটনায় পবনের বন্ধু গোলাম সাব্বির ওরফে শোভনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য জানা গেছে। শোভনকে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বসুন্ধরা সিটির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কলাবাগানের বাসা থেকে লাল একটি গাড়ি জব্দ করা হয়। এটি ওই ঘটনায় ব্যবহূত হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সাত দিনের রিমান্ডে আনা হয়েছে।ককটেল বিস্ফোরণের ঘটনায় পবনের জড়িত থাকার বিষয়ে পুলিশের দাবি সম্পর্কে জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘আমাদের রাজনৈতিক কালচারই এমন। কোনো কিছু ঘটলেই একে অপরকে দোষারোপ করি। ঘটনার তদন্ত চলছে। তদন্তের মাধ্যমেই প্রকৃত ঘটনা জানা যাবে।’ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি বলেন, তদন্ত কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে জনগণের মনে সংশয় আছে। জানা যায়, বিএনপির মহাসচিব চিকিৎসার জন্য বিদেশে আছেন। গত ২৩ ফেব্রুয়ারি রাতে ওই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ নোয়াখালীর সোনাইমুড়ী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রদীপ সাহাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, রিমান্ডে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শোভনকে গ্রেপ্তার করা হয়। শোভনকে গতকাল মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তিনি সাংবাদিকদের জানান, বিএনপি অফিসে হামলার ব্যাপারে ২২ ফেব্রুয়ারি পবন তাঁর বাসায় বসে আলোচনা করেন। পবনের সঙ্গে ছিলেন পল্লবীর ছাত্রদল নেতা রনি ও চাটখিল থানা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ। আলোচনার পর সবাইকে নিয়ে পবন বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের দিকে যান। হামলার পরিকল্পনার কথা শুনে তিনি (শোভন) আপত্তি জানান। সেদিন হামলা না করে তাঁরা গুলশান থেকে ফিরে আসেন।পেশায় ইলেকট্রনিক্স ব্যবসায়ী শোভন বলেন, এর পরের দিন পবন তাঁর বাসায় এসে নিজের গাড়ির চাকা পাংচার হওয়ার কথা জানান এবং গাড়িসহ তাঁকে (শোভন) গুলশানে যেতে বাধ্য করেন। গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে যাওয়ার পর পবন তাঁকে ককটেল হামলার পরিকল্পনার কথা জানিয়ে বলেন, তাঁর (পবনের) ওপর এ রকম হামলার কথা প্রচারিত হলে বিএনপির মহানগর কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদ পেতে তাঁর সুবিধা হবে। তাঁকে (শোভন) কিছু করতে হবে না, শুধু দুটি ছেলেকে নিয়ে যেতে হবে। শোভন আরও বলেন, ‘রাতে আমার লাল গাড়ি থেকে নেমে পবন ওই কার্যালয়ের ফটকে দাঁড়ান। এ সময় দুই যুবক আমার গাড়িতে ওঠে। একটু পর তারা গাড়ি থেকে নেমে কার্যালয়ে যায়। এরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে ওই দুই যুবক দৌড়ে আবার গাড়িতে উঠলে আমি দ্রুত গাড়ি চালিয়ে বিজয় সরনির কাছে এসে তাদের নামিয়ে দিই। তাদের একজনের নাম আজাদ, আরেকজনের নাম জানি না।’ তিনি জানান, তিনি আগে পর্নো সিডি ও মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। সংবাদ সম্মেলনে শহিদুল হক বলেন, শোভন জানিয়েছেন, পবনের পরিকল্পনায় গুলশান কার্যালয়ে ওই হামলা হয়েছে। পবনের সংশ্লিষ্টতা সম্পর্কে নিশ্চিত হলেও যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ না থাকায় প্রথমেই তাঁকে গ্রেপ্তার করা হয়নি। এখন তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি জানান, এ ঘটনায় এর আগে গ্রেপ্তার হওয়া প্রদীপ সাহা পুলিশকে জানান, ঘটনার রাতে তিনি মতিঝিল থেকে মোটরসাইকেলে গুলশানে যান। তাঁর সঙ্গে ছিলেন চাটখিল থানার ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন। ঘটনাস্থলে পৌঁছার পর শোভন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এর আগে শোভনের গাড়িতে পবনও কার্যালয়ের সামনে আসেন। পুলিশ কমিশনার আরও বলেন, প্রদীপকে গ্রেপ্তারের পরই তাঁরা পুরো ঘটনার ব্যাপারে জানতে পারেন। ওই দিন পবন আহত হওয়ার ভান করে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, পবন আহত হননি। তিনি হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তাঁর ডান পায়ের আঙুল থেঁতলে গেছে। এটা পড়ে গিয়ে হয়ে থাকতে পারে। বিস্ফোরণে আহত হওয়ার কোনো আলামত নেই। হাসপাতালে পবন চিকিৎসকদের জানিয়েছেন, ককটেল বিস্ফোরণের পর তিনি পাঁচ মিনিট অজ্ঞান ছিলেন।