খালেদার চিঠির জবাব পাঠালেন মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি পাঠিয়েছেন। মণিপুর রাজ্যের বরাক নদে প্রস্তাবিত ওই প্রকল্প নিয়ে বাংলাদেশের বিরোধীদলীয় নেতার চিঠির জবাবে ওই চিঠিটি লেখেন ভারতের প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান গতকাল প্রথম আলোকে বলেন, বাংলাদেশের বিরোধীদলীয় নেতাকে লেখা মনমোহনের চিঠিটি গতকাল শনিবার সকালে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।কূটনৈতিক সূত্রগুলো বলছে, খালেদা জিয়াকে লেখা চিঠিতে মনমোহন সিং টিপাইমুখ নিয়ে ভারত সরকারের অবস্থান তুলে ধরেছেন। প্রস্তাবিত প্রকল্পটিতে সেচ প্রকল্প নেই। বন্যানিয়ন্ত্রণের জন্য বাঁধ দিয়ে তা থেকে বিদ্যুৎ উৎপাদন হবে—এসব বিষয়ের উল্লেখ রয়েছে। দিল্লি থেকে চিঠিটি পাঠানো হয় ২৪ নভেম্বর। গতকাল সেটি ঢাকায় পৌঁছালে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তা পৌঁছে দেওয়া হয়।মারুফ কামাল খান এ নিয়ে বলেন, টিপাইমুখ প্রকল্পে যৌথ জরিপের আহ্বান জানিয়ে ২২ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে চিঠি পাঠান খালেদা জিয়া। আজ (শনিবার) ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে চিঠিটি গুলশানের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। তবে রোডমার্চের জন্য চেয়ারপারসন ঢাকার বাইরে থাকায় চিঠিটি খোলা হয়নি। তিনি ফিরলে চিঠি খোলা হবে। তখন এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।২২ নভেম্বর মনমোহনকে লেখা চিঠিতে খালেদা জিয়া বলেন, ‘আমরা মনে করি টিপাইমুখ বাঁধ নির্মাণে যৌথ জরিপ হওয়া প্রয়োজন। দুই দেশের মধ্যে আলোচনা করে এর সমাধান করতে হবে। এখনো সময় আছেন, টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপ করুন। চিঠিতে এ দেশের পরিবেশবিদদের উদ্বিগ্ন হওয়ার কথাও তুলে ধরেন বিএনপির চেয়ারপারসন। খালেদা জিয়া চিঠিতে আরও লেখেন, এই বাঁধ নির্মাণ করা হলে কেবল ভারত নয়, বাংলাদেশের মেঘনা অববাহিকার তিন কোটি মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে। তাই একতরফাভাবে এ ধরনের বাঁধ নির্মাণ করা সমীচীন হবে না। অতীতেও বলা হয়েছিল, আলোচনার মাধ্যমে সব কিছু করা হবে।