খালেদার জন্মদিন পালন মামলার শুনানি বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন প্রশ্নে মামলার শুনানি হবে আগামী বৃহস্পতিবার। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর একক বেঞ্চ আজ মঙ্গলবার শুনানির পরবর্তী এই দিন ধার্য করেন।আইনজীবীরা জানান, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনে নিষেধাজ্ঞা চেয়ে ১৯৯৭ সালের ২০ আগস্ট মামলা করেন আইনজীবী মো. সোহরাওয়ার্দী। নিষেধাজ্ঞার এই আরজি খারিজ করার আবেদন জানিয়ে খালেদা জিয়ার পক্ষে ১৯৯৮ সালের ১১ আগস্ট একটি আবেদন করা হয়। ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত সহকারী জজ পঞ্চম আদালত আরজি খারিজ করার আবেদনটি খারিজ করে দেন। এ আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়। শুনানি নিয়ে ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন এবং মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। বিষয়টি আজ শুনানির জন্য কার্যতালিকায় আসে।আদালতে খালেদার পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস। বাদীপক্ষে ছিলেন আইনজীবী ফরিদুল আলম তালুকদার।বেলা পৌনে ১২টার দিকে শুনানির শুরুতে খালেদার পক্ষে সময় চেয়ে শুনানি মুলতবির আরজি জানান রুহুল কুদ্দুস। পরে আদালত আগামী বৃহস্পতিবার শুনানির পরবর্তী দিন ধার্য করেন।