খালেদার দাবি মিথ্যা ও ভিত্তিহীন: এইচ টি ইমাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের সঙ্গে বৈঠক করার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। ২০০৮ সালের নির্বাচনের আগে কক্সবাজারে এইচ টি ইমাম তাঁদের সঙ্গে বৈঠক করেন বলে লন্ডন সফরকালে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন। আজ শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার অভিযোগ প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এ কথা বলেন।এইচ টি ইমাম বলেন, খালেদা জিয়ার দাবি মিথ্যা, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। গত নির্বাচনের আগে ফখরুদ্দীন আহমদ বা মইন উ আহমেদের সঙ্গে তাঁর দেখা হয়নি বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ‘বৈঠকের প্রশ্নই আসে না। পুরোটাই খালেদা জিয়ার কল্পনাপ্রসূত বিষয়।’ খালেদা জিয়ার প্রতি বিষয়টি প্রমাণের আহ্বান জানিয়ে এইচ টি ইমাম বলেন, তাঁর উচিত বিষয়টি প্রমাণ করা। কোন দিন, কোথায়, কীভাবে এ বৈঠক হয়েছে, খালেদা জিয়াকে তা প্রমাণ করতে হবে। অন্যথায় জাতির সামনে তাঁকে ক্ষমা চাইতে হবে। ২০০৮ সালের নির্বাচনে পরাজয়ের বেদনা থেকে খালেদা জিয়া এসব কথা বলছেন বলেও তিনি দাবি করেন।বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচন দাবি প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না। মধ্যবর্তী নির্বাচন চাইলে তাঁরা সংসদে এসে অনাস্থা প্রস্তাব দিক।’ এইচ টি ইমাম বিদেশে গিয়ে বিরোধীদলীয় নেতার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেন । গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক মন্তব্য করেন, একটি পত্রিকার সম্পাদক র্যাবের গুলিতে এক পা হারানো লিমন হোসেনের ইস্যুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবকে ধ্বংস করতে তত্পরতা চালাচ্ছেন। ওই দিন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নির্বাচিত কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি নানা বিষয়েও বক্তব্য রাখেন। ওই দিন তাঁর দেওয়া বক্তব্য সরকারের বক্তব্য কি না, জানতে চাইলে এইচ টি ইমাম ওই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘....ওন না করার কারণ নেই। আমরা সেটা ওন করি।’সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, নূহউল আলম লেনিন, আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।