খালেদার দুই ছেলে এনেছেন মানিলন্ডারিং ডিগ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্কের আর্থিক কেলেঙ্কারির মতো ঘটনা সরকার ধামাচাপা না দিয়ে ব্যবস্থা নিচ্ছে। আজ বুধবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের শেষ কার্যদিবসে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সোনালী ব্যাংকের সাবেক এমডি (ব্যবস্থাপনা পরিচালক) জিয়া পরিষদের নেতা ছিলেন। আর, যাকে নিয়ে এতো কথা, তাঁর উত্থান হাওয়া ভবন থেকে। অতীত ইতিহাস দেখলে বুঝা যায় কার গোড়া কোথায়। তত্ত্বাবধায়কের সময়ে যখন সব ব্যবসায়ীরা পালিয়েছিল, তখন সে ফুলে ফেঁপে ওঠে। শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা তো ধামাচাপা দিচ্ছি না। ব্যবস্থা নিচ্ছি। ধরলেই তো হবে না। টাকা তো উদ্ধার করতে হবে। এই অর্থ কেলেঙ্ককারির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করার প্রস্তুতি নিচ্ছে। আমরা কাউকে ছেড়ে দিচ্ছি না।’প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ছয় ঋতুর দেশ। ঋতু বদলায়, মানুষের মনও বদলায় বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, সামরিক স্বৈরশাসকরা ব্যাংক লুট করা শিখিয়েছে। তারা খেলাপী ঋণের কালচার শুরু করেছে। মানিলন্ডারিং কে করেছে? বিরোধী দলীয় নেতার ছেলেরা এর সঙ্গে জড়িত। এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেতা কালো টাকা সাদা করেছেন। জিয়া অরফানেজের টাকা মেরে খেয়েছেন। কোর্টে যান না কেনো? কোর্টে হাজিরার দিন অসুস্থ হয়ে যান। তারপর আবার সুস্থ হয়ে আমাদের গালিগালাজ করেন। তিনি বলেন, রাষ্ট্র থেকে তাঁর দুই ছেলেকে টাকা দেওয়া হয়েছে পড়াশোনার জন্য। তাঁরা কী নিয়ে এলেন দেশের জন্য? মানিলন্ডারিং ডিগ্রি? এর কী জবাব দেবেন বিরোধী দলীয় নেতা। বিশ্বমন্দা সত্ত্বেও দেশের অর্থনীতি ভালো অবস্থায় আছে বলে শেখ হাসিনা উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। ঈদে ৪২ হাজার কোটি টাকা কেনাবেচা হয়েছে। টাকা আছে বলেই কেনাবেচা হয়েছে। তিনি আরও বলেন, যখন বিদ্যুত্ ছিল না, তখন বলত যে দামই হোক বিদ্যুত্ চাই। এখন বিদ্যুত্ আছে। তবে বলে, বার বার দাম বাড়ে কেন। বর্তমান সরকারের আমলে ৭৯টি বিদ্যুেকন্দ্র স্থাপন হয়েছে। বিদ্যুতের উত্পাদন ছয় হাজার ৩০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। আট হাজার মেগাওয়াট উত্পাদনের সক্ষমতা অর্জিত হয়েছে। নির্বাচনী ইশতেহারে বলেছিলাম, উপজেলা পর্যন্ত ইন্টারনেট সেবা দেওয়া হবে। সেটা আমরা ইউনিয়ন পরিষদ পর্যন্ত দিয়েছি। নির্বাচনে যেসব ওয়াদা করেছিলাম, তার চেয়ে বেশি করেছি।’ সমাপনী বক্তৃতায় সংসদের কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিরোধীদলীয় নেতা নাই। তাও তাঁকে ধন্যবাদ জানাই। আশা করি, ৯০ দিন হওয়ার আগে তিনি আবার আসবেন।’অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদের স্পিকার আবদুল হামিদ অধিবেশনে যোগদান না করলেও বিভিন্ন বিধিতে নোটিশ দিয়ে এবং স্থায়ী কমিটির বৈঠকে অংশগ্রহণের মাধ্যমে সংসদীয় কাজে অবদান রাখার জন্য বিরোধীদলের নেতা ও সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আমি আশা করব, খুব শিগগিরই তারা সংসদ অধিবেশনেও যোগদান করবেন এবং জনগনকে দেওয়া তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন। স্পিকার জানান, এবারের অধিবেশনে মোট কার্যদিবস ছিল ১০টি। এ অধিবেশনে ২২টি সরকারি বিলের মধ্যে মোট ১৩টি বিল পাস হয়। এছাড়া ১টি বেসরকারি বিল উত্থাপিত হয়। প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ৮৪টি প্রশ্ন পাওয়া যায়, তারমধ্যে তিনি সম্পূরকসহ ৪৩টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট এক হাজার ৯০১টি প্রশ্নের মধ্যে মন্ত্রীরা ৭০৩টি প্রশ্নের জবাব দেন।সবশেষে স্পিকার অধিবেশনের সমাপ্তি সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান।