খালেদার নিবন্ধে এফবিসিসিআইয়ের নিন্দা, উদ্বেগ
‘ওয়াশিংটন টাইমস’-এ প্রকাশিত বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নিবন্ধের তীব্র নিন্দা জানিয়েছে শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআই। ওই নিবন্ধে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা বাতিল এবং দেশের ওপর অবরোধ আরোপের জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। আজ রোববার এক বিবৃতি দিয়ে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি এ উদ্বেগের কথা জানায়।বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের “ওয়াশিংটন টাইমস”-এ প্রকাশিত বাংলাদেশের বিরোধীদলীয় নেতার নিবন্ধটির প্রতি দেশের ব্যবসায়ী সমাজের দৃষ্টি আকর্ষিত হয়েছে। ওই নিবন্ধে খালেদা জিয়া বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধাসহ অন্যান্য সুবিধাদি প্রত্যাহারের জন্য এবং বাংলাদেশের ওপর অবরোধের (স্যাংশন) আহ্বান জানিয়েছেন, যার প্রতি ব্যবসায়ী সমাজ গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে।’বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এই আহ্বানকে ‘অর্থনীতি ও ব্যবসায়ীদের স্বার্থের পরিপন্থী’ আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জিএসপি সুবিধা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তর থেকে উদ্যোগ নেওয়ার পর তা অব্যাহত রাখার জন্য যখন সরকার ও বেসরকারি খাত একযোগে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে, তখন বিরোধীদলীয় নেতার এই ধরনের আত্মঘাতী আহ্বান কোনোভাবেই কাম্য নয়।বিবৃতিতে বলা হয়েছে, জিএসপি সুবিধা বাতিল হলে এ সুবিধার আওতাভুক্ত খাতসহ সম্ভাবনাময় অন্যান্য শিল্প খাত সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে দেশের আর্থিক উন্নয়ন ব্যাহত হবে। এতে বলা হয়, দেশের যেকোনো রাজনৈতিক মতানৈক্য আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। তা না করে দেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো বিবৃতি পরিহার করতে দেশের সব রাজনৈতিক পক্ষের প্রতিও আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।